তাস খেলায় বাজির টাকা চাওয়ায় খুন হন কলেজছাত্র মাসুদ
তাস খেলায় জিতে বাজির টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডায় সঙ্গীদের কাঁচির আঘাতে খুন হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ।
শনিবার মধ্যরাতে ওই খুনের ঘটনার পর আটক পারভেজ ও অমিত জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে কালিয়াকৈর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।
ঈদের পরদিন শনিবার রাত ১২টার দিকে উপজেলার ছোট লতিফপুর গ্রামের নুরুল ইসলাম নবীর ছেলে মাসুদ নিজ বাড়িতে খুন হন।
মাসুদকে কাঁচির আঘাতে খুন করে পালানোর সময় স্থানীয়রা পারভেজ ও অমিতকে ধরে পুলিশের দেয়।
এসআই শহীদুল বলেন, “মাসুদকে বাড়িতে রেখে কালীগঞ্জে মেয়ের বাড়িতে গিয়েছিলেন তার বাবা-মা। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশি পারভেজ ও অমিত মাসুদের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। পরে তারা বাজিতে তাস খেলতে বসে।
“অমিত ও পারভেজ জানিয়েছে, খেলায় জিতে মাসুদ বাজির টাকা দাবি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ঘরে থাকা কাঁচি দিয়ে মাসুদকে একের পর এক আঘাত করে।”
ঘটনাস্থল থেকে রক্ত মাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। মাসুদের দেহে কাঁচির প্রায় অর্ধশতাধিক আঘাতের চিহ্ন ছিল।
এঘটনায় মাসুদের বাবা রোববারই অমিত ও পারভেজকে আসামি করে মামলা করেছেন বলে জানান এসআই শহীদুল।
