২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাড়িতে ঢুকে কলেজ ছাত্র খুন

গাজীপুরে কালিয়াকৈরে মধ্যরাতে বাড়িতে ঢুকে কাঁচি দিয়ে এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 09:22 AM

Updated : 25 Apr 2022, 01:55 PM

নিহত মো. মাসুদ (২০) উপজেলার ছোট লতিফপুর গ্রামের নুরুল ইসলাম নবীর ছেলে। তিনি কালিয়াকৈর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় পারভেজ (২০) ও অমিত (২২) নামের স্থানীয় দুই তরুণকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম জানান, ঈদের পরদিন শনিবার মাসুদকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তার বাবা-মা। রাতে ঘটনার সময় মাসুদ বাড়িতে একাই ছিলেন। 

“পারভেজ ও অমিত রাত ১২টার দিকে মাসুদের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। মাসুদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন অমিত ও পারভেজ ওই ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করছে। তারাই দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।”

ঘর থেকে রক্তাক্ত মাসুদকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শহীদ।

তিনি বলেন, ঘটনাস্থলে রক্ত মাখা একটি কাঁচি পেয়েছে পুলিশ। আর মাসুদের লাশের সুরুত হাল করতে গিয়ে সারা দেহে কাঁচি দিয়ে অর্ধশতাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঠিক কী কারণে মাসুদকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।