২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরি মেরে বন্ধুকে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়েছে এক কিশোর।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 07:47 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

রোববার বিকালে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম।

নিহত শাহিদুল ইসলাম (১৬) ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। নরসিংদী শহরের শালিধা এলাকায় পাওয়ারলুম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো সে।

এ ঘটনায় তার তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আজহারুল বলেন, শালিধা এলাকায় পাওয়ারলুম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করার সুবাদে ওই গ্রামের তাজুল মিয়ার ছেলে অপু মিয়ার (১৮) সঙ্গে বন্ধুত্ব হয় শাহিদুলের। ঈদ উপলক্ষে অপু তার দুই বন্ধু নিয়ে শাহিদুলের বাড়িতে বেড়াতে যায়।

“দুপুরের খাবারের পর চার জন স্থানীয় বটতলী বাজারে যায়। এখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে অপু ও তার দুই বন্ধু শাহিদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।”

তিনি আরও বলেন, এ সময় আশপাশের লোকজন তিন জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।