২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার

রাজধানীতে সরকারি বাসভবন থেকে এক যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:30 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

মৃত প্রমিতি রহমান (২৫) প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব আলম আরা রহমানের একমাত্র সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রমনা থানার ডিউটি অফিসার মোশাররফ হোসেন জানান, শনিবার রাতে ইস্কাটনের হলি ফ্যামিলি রেড ক্রিসেট হাসপাতাল সংলগ্ন সরকারি বাসভবন ‘তমাল’ এর দ্বিতীয় তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুগ্ম সচিব আলম আরা বেগমের কাছ থেকে খবর পেয়ে বাসার শয়নকক্ষের বিছানায় শোয়া অবস্থায় প্রমিতির লাশ পায় পুলিশ।

“আলম আরা বেগম দেশের বাইরে ছিলেন। ফিরে এসে ঘরে ঢুকেই বিছানায় মেয়ের লাশ দেখতে পান। ওই সময় তার স্বামী মাহবুবুর রহমানও বাসায় ছিলেন না।”

তবে মৃতদেহের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিয়ে ‘ধারণানির্ভর’ কিছু বলতে রাজি হননি এসআই মোশাররফ।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ঈদের আগে ছুটি কাটাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে প্রমিতি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে এবং এ ঘটনায় রোববার রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।