২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে পদদলিতদের ছবি প্রকাশ; পরিচয়ের বিভ্রান্তি

হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে নিহত ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর মধ্যে তিনজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেও পরিচয়ের বিভ্রান্তি কাটানো যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 03:44 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

তিনজনের মধ্যে দুজনের নাম মন্ত্রণালয় রোববার প্রকাশ করার পর একজনের স্বজন সৌদিতে খবর নিয়ে জানতে পারে যে তার নামের সঙ্গে থাকা ছবিটি ঠিক নেই। এরপর বিবৃতি সংশোধন করে মন্ত্রণালয়।

এর বাইরে আরও এক নারীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানানো হলেও সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত ছবির মধ্যে তাকে পাওয়া যায়নি।  

হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনার তিন দিন পর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য জানায়।

সৌদি সরকারের ভাষ্য অনুযায়ী, পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯৩৪ জন।

আহতদের মধ্যে কতজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। 

সৌদি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, পদদলনের ঘটনায় উদ্ধার লাশগুলো বৃহস্পতিবার সারা রাত ধরে হাসপাতাল থেকে মিনার ‍মুয়াইজাম মর্গে স্থানান্তর করা হয়। এরপর মর্গে গোসল করিয়ে নেয়া হয় লাশের ছবি ও আঙ্গুলের ছাপ।

কয়েক দফায় এ পর্যন্ত ৬৫০ জনের ছবি সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেছে, যাতে স্বজন, হজ এজেন্ট বা তার দেশের হজ কর্মকর্তারা লাশ শনাক্ত করতে পারেন।

হজযাত্রীরা বিমানবন্দরে নামার পর তাদের আঙুলের যে ছাপ ইমিগ্রেশন দপ্তর সংগ্রহ করেছিল, তার সঙ্গে লাশের আঙুলের ছাপও মিলিয়ে দেখার কথা।

এসব প্রক্রিয়া শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় যে তিনজনের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়ে রোববার দুপুরে বিবৃতি পাঠায়, তাদের একজনের নাম বলা হয় খুলনার মো. শহিদুল ইসলাম এবং অন্যজন সাভারের আমিনুর রহমান। অন্যজনের পরিচয়ের বিষয়ে কিছু বলা হয়নি।

মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাভারের পৌর কাউন্সিলর আমিনুরের ছেলে সৌদি আরবে খোঁজ নিয়ে জানতে পারেন যে, নিহত যে ব্যক্তির ছবি তার বাবার বলে বলা হচ্ছে, তা ঠিক নয়।

কাউন্সিলর আমিনুরের সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগ নেতা সোহেল রানা, সাভার এনাম মেডিকেলের সহকারী পরিচালক সাইফুল ইসলামও হজে গেছেন এবার।

আমিনুরের ছেলে আতিকুর রহমান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা মারা যাওয়ার খবর প্রচার করায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে সোহেল রানার সঙ্গে বিকালে ফোনে কথা হয়।

“বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সোহেল রানা তা শনাক্ত করতে গিয়েছিলেন। তিনি দেখেছেন, ওটা বাবার লাশের ছবি নয়,  অন্য ব্যক্তির মরদেহ।”

আতিকুর বলেন,তার বাবা ও মা আলেমা বেগম দুজনই বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তাদের কোনো খোঁজ তারা এখনও পাননি।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি আমিনুর নন।

“বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

যাকে আমিনুর বলা হচ্ছিল, তিনি আসলে বাংলাদেশিই কি না- তা স্পষ্ট করা হয়নি শেষের বিবৃতিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফিরোজা খানম নামে জামালপুরের এক নারীর মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে জানানো হলেও সৌদি আরবের প্রকাশিত তালিকায় তার ছবি এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে পদদলনের ঘটনার পর রাতেই ফিরোজা খানমসহ জামালপুর, সুনামগঞ্জ ও ফেনীর চারজনের মৃত্যুর খবর পরিবারের মাধ্যমে জানতে পারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিরা।

এরপর শনিবার পাওয়া যায় আরও পাঁচ বাংলাদেশির নাম। ওই নয়জনের মধ্যে মন্ত্রণালয়ের দেওয়া দুজনের নাম ছিল না।  

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রায় ২০০ জনের একটি তালিকা নিয়ে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।

মিনায় নিহত বাকিদের ছবিও সোমবারের মধ্যে প্রকাশ করা যাবে বলে সৌদি কর্তৃপক্ষ আশা করছে।

“সৌদি কর্তৃপক্ষ আমাদের বলেছে, পরিচয় নিশ্চিত হওয়ার আগে কোনো লাশ দাফন করা হবে না,” বলেন রাষ্ট্রদূত।

তিনি জানান, বাংলাদেশের ছয়টি মেডিকেল টিম মিনার আশেপাশের ছয়টি হাসপাতালে ঘুরে আহত বাংলাদেশিদের শনাক্ত করার চেষ্টা করছে। কাউকে পাওয়া গেলে তাদের চিকিৎসা ঠিকমত হচ্ছে কি না, সে বিষয়টিও তারা দেখবেন।

পদদলনে হতাহতের ঘটনার পর ওইদিনই বাংলাদেশিদের খবর জানতে দূতাবাসের পক্ষ থেকে হটলাইন চালু করা হয়।

+৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ ও +৯৬৬৫০৯৩৬০০৮২ নম্বরে ফোন করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মিনার বিষয়ে তথ্য জানা বা জানানো যাবে।

পুরনো খবর:

আমিনুর-বিভ্রান্তির অবসান
মক্কায় দাফনের ইচ্ছা জানিয়ে গিয়েছিলেন শহিদুল ইসলাম
মিনায় নিহত ৭৬৯, জানাল সৌদি আরব
হজ ট্র্যাজেডি: আরও ৫ বাংলাদেশির মৃত্যুর খবর
মিনায় পদদলন: খোঁজ নেই ৯৮ বাংলাদেশির