২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ট্র্যাজেডি: আরও ৫ বাংলাদেশির মৃত্যুর খবর

মিনায় হজে পদদলনের ঘটনায় হতাহতদের মধ্যে কতজন বাংলাদেশি সে তথ্য সরকারিভাবে পাওয়া না গেলেও আরও পাঁচজনের মৃত্যুর খবর পরিবারের কাছে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 12:59 AM

Updated : 25 Apr 2022, 01:55 PM

এ নিয়ে মোট নয়জনের মৃত্যুর খবর পরিবারের মাধ্যমে জানতে পেরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

মৃতের তালিকায় যোগ হয়েছেন দিনাজপুরের এক বৃদ্ধ, শরিয়তপুরের এক বৃদ্ধ ও আরেক বৃদ্ধ দম্পতি এবং ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবীণ।

এছাড়া ঘটনার দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত পদদলনে জামালপুর ও সুনামগঞ্জের দুই নারী এবং ফেনীর ভাই-বোনের নিহতের খবর পরিবারের সদস্যদের মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়। তাদের কয়েকজন আত্মীয়-স্বজনও আহত হয়েছেন বলে সৌদি আরব থেকে খবর এসেছে।

দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার ছাতঐল গ্রামের কুরমত আলীর (৭০) মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার ছেলে কামাল হোসেন।

তিনি বলেন, হজে যাওয়া তার এক ভগ্নিপতি এবং তার বাবার দলটিকে নির্দেশনা দানকারী তৌহিদুল ইসলাম ফোন করে মৃত্যুর বিষয়টি তাদের জানিয়েছেন।

পরে পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে কুরমতের লাশ সৌদিতেই দাফন করা হয়েছে বলে জানান তার ছেলে কামাল।

পদপিষ্টে শরিয়তপুরের জাজিরা উপজেলার আবদুর রাজ্জাক আকন্দ ( ৬৫) ও তার স্ত্রী হাসিনা আক্তার (৫৫) দুজনেই নিহত হয়েছেন।

অবসরপ্রাপ্ত জেল সুপার রাজ্জাক আকন্দ পরিবার নিয়ে ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তাদের বাড়ি জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বার আকন কান্দি গ্রামে।

এই দম্পতির বড় ছেলে রুবাইয়াত আকবার পদদলনে তাদের মৃত্যুর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শরীয়তপুরের নিহত আরেকজন হলেন গোসাইরহাট উপজেলার চরধিপুর গ্রামের আহম্মেদ আলী মৃধা (৬৫)।

গোসাইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান দেওয়ান ও  আহম্মেদ আলী মৃধার ভাগনে শহীদুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাম মোস্তফা (৬০) নামে একজনের নিহতের খবর তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।

মোস্তফার ছেলে মো. ইয়াসিনের বরাত দিয়ে ওসি বলেন, হজে পদদলনে নিহত মোস্তফার স্ত্রী রওশন আরাও আহত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহের ত্রিশালের সেলিনা বেগম (৫০) নামে এক নারী নিখোঁজ রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে জানিয়েছেন তার ছেলে মো. আশরাফুল করিম রুকন।

তিনি বলেন,  “আমার বাবা মো. জহির উদ্দিন (৬৫) ও মা সেলিনা বেগম একসঙ্গে হজে গিয়েছিলেন। পদদলনের ঘটনার পর মার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে টেলিফোনে বাবা জানিয়েছেন।”

তার বাবা জহির উদ্দিনের বরাত দিয়ে আশরাফুল বলেন, “ছয় বাংলাদেশির একটি দল হেঁটে শয়তানের পাথর স্তম্ভে যাওয়ার সময় তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। এ সময় আমার মা ও আরও এক নারী ক্লান্তির কারণে জিরিয়ে নেওয়ার জন্য বসতে যাচ্ছিলেন।

“এরই মধ্যে হুড়োহুড়ি বাবা-মা সহ দলের কয়েকজন জ্ঞান হারান। পরে সৌদির একটি ক্লিনিকে বাবার জ্ঞান ফিরে পেলেও মাকে আর তিনি খুঁজে পাননি।”

সেলিনা বেগমের নিখোঁজের তথ্য সৌদির বাংলাদেশ দূতাবাস ও হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো হলেও শনিবার রাত পর্যন্ত কোনো সূত্রেই মায়ের কোনো খোঁজ পাননি বলে জানান আশরাফুল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মিনায় ‘শয়তানের স্তম্ভে’পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এ ঘটনা ঘটে,যাতে শনিবার রাত পর্যন্ত ৭৬৯ জন নিহত এবং আরও অন্তত ৯৩৪ জনের আহত তথ্য দিয়েছে সৌদি সরকার।

বিশ্বের ১৫০টি দেশের ২০ লাখের বেশি মুসলমান এবার হজ করছেন,যাদের মধ্যে এক লাখের বেশি বাংলাদেশিও রয়েছেন।

পদদলনে হাজিদের হতাহতের ঘটনায় বাংলাদেশিদের খবর জানতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি হটলাইন চালু করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত পদদলনে ৯৮ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।