২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুর-বিভ্রান্তির অবসান

হজ করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ঢাকার সাভারের আমিনুর রহমান নামে একজনকে শনাক্তের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানালেও তার পরিবারের ভিন্ন কথা বলার পর তথ্য সংশোধন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 09:15 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি আমিনুর নন।

“বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

যাকে আমিনুর বলা হচ্ছিল, তিনি বাংলাদেশিই কি না- তা স্পষ্ট করা হয়নি এই বিবৃতিতে।

এর আগে দুপুরে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, সৌদি আরব কর্তৃপক্ষ বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে নিহত ৬৫০ জনের ছবি প্রকাশ করেছে, এর মধ্যে তিনজন বাংলাদেশি।

বাংলাদেশিদের মধ্যে আমিনুর ছাড়াও খুলনার শহিদুল ইসলামের নাম প্রকাশ করা হয়। অন্যজনের নাম জানানো হয়নি বিবৃতিতে।

মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাভারের পৌর কাউন্সিলর আমিনুরের ছেলে সৌদি আরবে খোঁজ নিয়ে জানতে পারেন যে, নিহত যে ব্যক্তির ছবি তার বাবার বলে বলা হচ্ছে, তা ঠিক নয়।

কাউন্সিলর আমিনুরের সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগ নেতা সোহেল রানা, সাভার এনাম মেডিকেলের সহকারী পরিচালক সাইফুল ইসলামও হজে গেছেন এবার।

আমিনুরের ছেলে আতিকুর রহমান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা মারা যাওয়ার খবর প্রচার করায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে সোহেল রানার সঙ্গে বিকালে ফোনে কথা হয়।

“বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সোহেল রানা তা শনাক্ত করতে গিয়েছিলেন। তিনি দেখেছেন, ওটা বাবার লাশের ছবি নয়,  অন্য ব্যক্তির মরদেহ।”

আতিকুর বলেন,তার বাবা ও মা আলেমা বেগম দুজনই বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তাদের কোনো খোঁজ তারা এখনও পাননি।

মিনার ঘটনায় বাংলাদেশিদের তথ্য জানতে ও দিতে সৌদি আরবে চালু করা কন্ট্রোল রুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা ফেরদৌস জানান, নিশ্চিত কোনো মৃত্যুর খবর তাদের হাতে নেই।

আমিনুর রহমানের বিষয়েও তারা কোনো তথ্য দিতে পারেনি।

আমিনুর (৪৭)  এর আগেও হজ করেছেন। এবার স্ত্রী আলেমাকে (৪৩) নিয়ে যান তিনি। তার হাজি শনাক্তকরণ নম্বর-০২৩৫০৯৫। আর পাসপোর্ট নম্বর- বিই০৬১২৯৫০। আলেমার হাজি শনাক্তকরণ নম্বর-০২৩৫০৯৬, আর পাসপোর্ট নম্বর- এএফ৩৫৪১৮৭৫। তারা দি সিটি ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করতে যান।

পুরনো খবর:

মিনায় ‘নিহত’ আমিনুরের পরিচয় নিয়ে বিভ্রান্তি