২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনায় ‘নিহত’ আমিনুরের পরিচয় নিয়ে বিভ্রান্তি

হজ করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে আমিনুর রহমান নামে একজনের লাশ শনাক্তের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় জানালেও তার পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

ঢাকার সাভারের পৌর কাউন্সিলর আমিনুর রহমানের ছেলের দাবি, ওই লাশ তার বাবার নয়, সৌদি আরবে যোগাযোগ করে এর সত্যতা পাননি তারা; যদিও মন্ত্রণালয়ের তালিকার ভিত্তিতে তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে এসেছে।

আমিনুর রহমানের ছোট ছেলে আতিকুর রহমান আসিফ রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা ও মা আলেমা বেগম দুজনই বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তাদের কোনো খোঁজ তারা এখনও পাননি।

এর মধ্যে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কর্তৃপক্ষের প্রকাশিত লাশের ছবি মিলিয়ে তিনজনকে বাংলাদেশি হিসেবে শনাক্তের তথ্য দেয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুজনের নাম প্রকাশ করা হয়, এদের মধ্যে একজন সাভারের আমিনুর রহমান। আরেকজন খুলনার শহিদুল ইসলাম, অন্যজনের নাম দেওয়া হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য গণমাধ্যমে পেয়ে সাভারের কাতলাপুরের কর্ণপাড়ায় আমিনুরের বাড়িতে কান্নার রোল পড়ে। আমিনুরের ছেলেরা যোগাযোগ করেন সৌদি আরবে তার বাবার সঙ্গে হজ করতে যাওয়া অন্যদের সঙ্গে।

কাউন্সিলর আমিনুরের সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগ নেতা সোহেল রানা, সাভার এনাম মেডিকেলের সহকারী পরিচালক সাইফুল ইসলাম হজে গেছেন এবার।

আতিকুর বলেন, “বাবা মারা যাওয়ার খবর প্রচার করায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে সোহেল রানার সঙ্গে বিকালে ফোনে কথা হয়।

“বাবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সোহেল রানা তা শনাক্ত করতে গিয়েছিলেন। তিনি দেখেছেন, ওটা বাবার লাশের ছবি নয়, অন্য ব্যক্তির মরদেহ।”

মিনার ঘটনায় বাংলাদেশিদের তথ্য জানতে ও দিতে সৌদি আরবে চালু করা কন্ট্রোল রুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা ফেরদৌস জানান, নিশ্চিত কোনো মৃত্যুর খবর তাদের হাতে নেই।

আমিনুর রহমানের বিষয়েও তারা কোনো তথ্য দিতে পারেনি।

আমিনুর (৪৭)  এর আগেও হজ করেছেন। এবার স্ত্রী আলেমাকে (৪৩) নিয়ে যান তিনি। তার হাজি শনাক্তকরণ নম্বর-০২৩৫০৯৫। আর পাসপোর্ট নম্বর- বিই০৬১২৯৫০। আলেমার হাজি শনাক্তকরণ নম্বর-০২৩৫০৯৬, আর পাসপোর্ট নম্বর- এএফ৩৫৪১৮৭৫। তারা দি সিটি ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করতে যান।

নিখোঁজ বাবা-মায়ের সঙ্গে থাকা ছবি জুড়ে দিয়ে তাদের ছেলে আতিকুর ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন, “এখনও আমার আব্বু-আম্মুর কোনো খোঁজ পাইনি। সবাই দোয়া করবেন।”

তিনি জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে বাবা ও মায়ের সঙ্গে শেষ কথা হয় তার। শুক্রবার পদদলনের ঘটনার পর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ।

পুরনো খবর:

মিনায় পদদলন: খোঁজ নেই ৯৮ বাংলাদেশির
মিনায় লাশ শনাক্তের কাজ শুরু