গাজীপুরে গরুর হাটে জাল টাকাসহ গ্রেপ্তার ৩
গাজীপুর সদর উপজেলার একটি গরুর হাট থেকে এক লাখ ৫৫ হাজারের সমমান জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের গরুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার বিকালে র্যাব-১ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজার এলাকার মো. জনি পরামানিক (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মো. তানভীর খানকে (২৬) ও বরিশালের হিজলা থানার মো. সুজন (২৫)।
এসময় তাদের কাছ থেকে জাল টকা বিক্রির ১৪হাজার ৮শ টাকা জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে র্যাব-১এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাওয়াল মির্জাপুর বাজারের গরু-ছাগলের হাটে জাল টাকা কেনাবেচার জন্য একটি চক্র অবস্থান করছে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় র্যাব।
এ সময় জনি ও তানভীরকে এক লাখ ২০ হাজার সমমানের জাল টাকা এবং জাল টাকা বিক্রির আট হাজার টাকাসহ আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে, বৃহস্পতিবার সকালে ঢাকার খিলক্ষেত গরুর হাটে অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০০ টাকা সমমানের জালনোট এবং জালনোট বিক্রির আরও ছয় হাজার ৮০০ টাকাসহ সুজনকে আটক করা হয়।
