ভোগান্তি পথেও
কাউন্টারে দীর্ঘ অপেক্ষার পর বাসে চেপে বসলেও মহাসড়কে গাড়ির ধীর গতি এবং যানজটের কারণে নাকাল হতে হচ্ছে ঈদে বাড়িমুখী যাত্রীদের।
সায়েদাবাদ হয়ে কাঁচপুর ব্রিজ পেরোতেই কারো কারো লেগে গেছে কয়েক ঘণ্টা; গাবতলী পেরিয়ে সাভার পৌঁছুতে চার ঘণ্টা আটকে থাকার কথাও জানিয়েছেন পথে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা।
এছাড়া চন্দ্রা চৌরাস্তা মোড় থেকে ময়মনসিংহমুখী সড়কে গাড়ির তীব্র চাপে গতিহীন হয়ে পড়েছে যাত্রীবাহী পরিবহনগুলো। টাঙ্গাইল সড়কেও একই হাল।
ঢাকা থেকে নোয়াখালীগামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয় জানান, সন্ধ্যায় সায়েদাবাদ থেকে বাসে চড়ে দুই ঘণ্টায় কাঁচপুর ব্রিজ পার হতে পারেননি তিনি।
তিনি বলেন, “এই এলাকায় সড়কের উভয় পাশে দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ঢাকামুখী গণপরিবহনগুলোও শহরে প্রবেশ করতে পারছে না।”
কাঁচপুর থেকে কুমিল্লামুখী সড়কে উল্লেখযোগ্য সংখ্যক লরি, মালবাহী ট্রাকসহ অন্যান্য ভারী যান সড়কে দেখা গেছে বলেও জানান তিনি।
কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি মালবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ করেছিল সরকার।
জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহিম হারমাছি জানান, পাবনায় গ্রামের বাড়িতে যেতে বিকাল ৪টায় ঢাকার টেকনিক্যাল থেকে মাইক্রোবাস যোগে যাত্রা করে রাত ৯টায় সাভার বিকেএসপি পর্যন্ত পৌঁছেছেন। সড়কে যানজট না থাকলে এ সময়ের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছতে পারতেন বলে জানান তিনি।
“গাড়িগুলো সড়কে ঠাঁয় দাঁড়িয়ে আছে। ৫/১০ মিনিট পর কয়েকশ গজ গিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে জ্যামের কারণে।”
রাজিব আহমেদ নামে এক চালক জানান, ঈদ মৌসুমকে কেন্দ্র করে নগর পরিবহনগুলোও মহাসড়কে নেমে পড়েছে। এছাড়া মাঝে মধ্যে ট্রাক-মালবাহী গাড়িও দেখা যাচ্ছে, যদিও ঈদ উপলক্ষে এসব চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা থেকে ঝিনাইদহগামী জে আর পরিবহনের যাত্রী রূপক হাসান জানান, গাবতলী থেকে বাস ছাড়ার কথা ছিল বিকাল সাড়ে ৫টায়। তবে সেটি ছেড়েছে রাত সাড়ে ৯টায়।
রাত ১১টায় রূপক জানান, দেড় ঘণ্টায় তিনি ধামরাই পৌঁছেছেন; রাস্তায় যানজটের কথাও জানান তিনি।
ঢাকা চট্টগ্রাম গজারিয়া থানার ভবেরচর ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবেরচর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় জ্যাম আছে। গাড়ির অতিরিক্ত চাপের কারণেই এই জ্যাম।”
জট নেই দাবি করলেও চাপ থাকার কথা স্বীকার করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সেতু থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন,
ঢাকা থেকে উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে ঢাকা উভয় দিকে ধীর গতিতে যান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু জানিয়েছেন, মির্জাপুর পর্যন্ত জট লেগে আছে। তবে এরপর থেকে উত্তরাঞ্চলের চব্বিশ জেলার গন্তব্যের যানবাহনকে তেমন যানজটে পড়তে হচ্ছে না।
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে গাড়ি চলছে বলে জানান সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।
