২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির চাপে মহাসড়কে ধীরগতি

ঈদ ঘনিয়ে আসায় রাজধানীর বাইরে ছুটতে থাকা মানুষ আর যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 03:41 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ লাইন দেখা গেলেও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের চিত্র উল্টো। সেখানে ফেরিগুলোই বরং গাড়ির জন্য অপেক্ষা করছে।

শুক্রবার ঈদ সামনে রেখে মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বুধবার সকালে ঘরমুখো মানুষের চাপ আরও বেড়েছে। ফলে সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় থেমে থেমে যানজটে পড়ছে ঈদযাত্রার যানবাহন।

নাওজোর মহাসড়ক ফাড়ির উপ-পরিদর্শক রাহার আলম জানান, ভোগড়া বাইপাস মোড় ও চান্দনা চৌরাস্তার পশ্চিমাংশে গাড়ির জটলা রয়েছে। যাত্রীর অপেক্ষায় বাসগুলো রাস্তার অনেকটা জুড়ে থেমে থাকায় জট তৈরি হচ্ছে।

চান্দনা চৌরাস্তা মোড়ের যানজট কমাতে ওই এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে সেখানে কর্তব্যরত শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়েছেন।

অন্যদিকে টঙ্গীর স্টেশন রোডের পাশে ও আমতলী এলাকায় পশুর হাট বসায় ঘোড়াশাল-টঙ্গী এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সারি বড় হচ্ছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সাখাওয়াত হোসেন কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায়ও গাড়ির চাপ থাকার তথ্য দিয়েছেন।

দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহনে ধীরগতি দেখা গেছে বলে ট্রাফিক সার্জেন্ট মো. কামরুজ্জামান জানান।

তিনি বলেন, “দুপুরে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে জটের সৃষ্টি হচ্ছে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।”

এদিকে ঢাকা থেকে দক্ষিণ জনপদে যাওয়া আসার সময় পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ পাটুরিয়া ঘাটে দুপুরে পাঁচশর বেশি যানবাহনকে ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। যানবাহনের সারি ঘাট এলাকা ছাড়িয়ে বিস্তৃত হয়েছে উথলী-পাটুরিয়া সড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পাটুরিয়া-দৌলতদিয়ায় নয়টি রো রো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি (ছোট) ফেরি যানবাহন পারাপার করছে। খান জাহান আলী নামের আরেকটি ফেরি রাতে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো চলাচলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।

এই কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, বেলা ১টার সময়ও পাটুরিয়ায় দেড় শতাধিক যাত্রীবাহী কোচ, প্রায় সমান সংখ্যক ছোট গাড়ি ও দুই শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

ফেরির তুলনায় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই এই অবস্থা বলে জানান তিনি।

অন্যদিকে পদ্মা পারাপারের আরেক গুরুত্বপূর্ণ ঘাট মুন্সীগঞ্জের শিমুলিয়ায় সকাল থেকে যানবাহনের তেমন কোনো চাপ দেখা যায়নি। 

অন্যান্য বছর ঈদের এ সময়ে শিমুলিয়া ঘাটে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এবার পরিস্থিতি উল্টো। 

সংশ্লিষ্টরা বলছেন, নাব্য সঙ্কট ও ড্রেজিংয়ের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল প্রায় ৩২ দিন বন্ধ থাকায় অনেকেই এবার এই পথ এড়িয়ে অন্য দিক দিয়ে পদ্মা পার হচ্ছেন। এ কারণে শিমুলিয়ায় চাপ এবার কম।  

তবে ড্রেজিংয়ের পর এ ঘাটের ১৬টি ফেরিই নিয়মিত স্বল্প সময়ে যাতায়াত করায় জটিলতা অনেক কমে এসেছে বলে মনে করেন বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান।

তিনি বলেন, “ঘাটে এখন কোন জট নেই। ফেরিগুলো ঘাটে নোঙর করে আছে গাড়ির অপেক্ষায়। যখন কোনো গাড়ি আসছে, সাথে সাথে ফেরি পেয়ে যাচ্ছে।”

শিমুলিয়া ঘাটের কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “যাত্রীর তেমন চাপ নেই। অন্য বছরের তুলনায় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে কম যাত্রী নিয়ে। স্পিডবোটেও যাত্রী কম। বৃহস্পতিবার ঈদের আগের দিন চাপ বাড়তে পারে।”