২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের অপেক্ষায় কাউন্টারেই ঘণ্টার পর ঘণ্টা

“টিকেটে বাস ছাড়ার সময় লেখা সকাল ১০টা। তার আগেই টার্মিনালে এসেছি। এখন বাজে ১২টা। বাসের দেখা নেই। একবার ভেবেছিলাম, অগ্রিম টিকেটের টাকা গেছে যাক- কোনো একটা লোকাল বাসে করে চলে যাই।”

মাসুম বিল্লাহ

সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

কভার্ড ভ্যানেও বাড়ি ফেরা
গাড়ির চাপে মহাসড়কে ধীরগতি

বাসের অপেক্ষায় গাবতলীতে সাউদিয়া ট্রাভেলসের কাউন্টারে কয়েক ঘণ্টা বসে থাকার পর ক্ষোভের সঙ্গে একথা বলেন বরিশালের যাত্রী মোরশেদ আলম।

বুধবার দুপুরে রাজধানীর এই বাস টার্মিনালে গিয়ে অধিকাংশ কাউন্টারেই তার মতো বহু যাত্রীকে বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায়।

এ পরিস্থিতির জন্য মহাসড়কে যানজটের কথা বলেন কাউন্টারের ব্যবস্থাপকরা।পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শত শত গাড়ি আটকে থাকায় তার প্রভাব এখানে পড়ছে বলে জানান তারা।

এ কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বরিশাল-যশোর-খুলনা রুটের অধিকাংশ বাস টার্মিনালে পৌঁছাতে  দুই থেকে চার ঘন্টা দেরি হচ্ছে বলে জানান কাউন্টার ব্যবস্থাপকরা।

বাসের অপেক্ষায় বিভিন্ন কাউন্টারে ভিড় ও অসন্তোষের মধ্যে এক পর্যায়ে টার্মিনালে মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের ধৈর্য ধরতে বলা হয়।

“সড়কে যানজটের কারণে গাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে। সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা ধৈর্য্য হারা হবেন না। বাস টার্মিনালে আসলে সেটা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে,” বার বার ভেসে আসতে থাকে টার্মিনাল কর্তৃপক্ষের এই ঘোষণা।

ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশও করতে শোনা যায় তাদের।

ঈদের আগে শেষ কর্মদিবস বুধবার সকাল থেকেই বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ডগুলোতে মানুষের ভিড় দেখা যায়, রাস্তায় রাস্তায় ছিল ঘরমুখো মানুষের দীর্ঘ সারি।

নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাউন্টারে অপেক্ষারত মানুষের সারি দীর্ঘ হতে থাকে।

‘গাড়ি আসার সাথে সাথে ছেড়ে দিব’ বলে যাত্রীদের আশ্বস্ত করেন কাউন্টার ব্যবস্থাপকরা।

যাত্রী ভোগান্তির কথা স্বীকার করে সাউদিয়া ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার আবুল কালাম আযাদ বলেন, “আমরা বুঝতে পারছি, যাত্রীদের সমস্যা হচ্ছে। আমাদেরও সমস্যা হচ্ছে। আমাদের টার্গেট ছিল সকাল থেকে দুপুরের মধ্যে ১২টা ট্রিপ ছাড়ব। কিন্তু এখন (দুপুর) পর্যন্ত আমরা ট্রিপ ছাড়তে পেরেছি মাত্র পাঁচটা।”

কল্যাণপুরে এসআর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক টি আর প্লাবণ বলেন, “সকাল ১১টা পর্যন্ত আমাদের সবগুলো গাড়ি শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। এরপর থেকে আমরা এক ঘণ্টা করে পিছিয়ে দিয়েছি।

“নির্ধারিত সময়ে গাড়ি না ফিরলে আমরা কী করব? রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেশি, এ কারণে যানজট। মঙ্গলবার বিভিন্ন গন্তব্যে যাওয়া বাসগুলো ঠিক সময়ে ফিরে আসেনি।”

শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গগামী কাউন্টারের ব্যবস্থাপক সেলিম শিকদার বলেন, “ঢাকার বাইরে টাঙ্গাইলে মহাসড়কে জ্যাম আছে। গাড়িগুলো ঠিক সময়ে আসতে পারছে না। শিডিউলতো ভাঙতে হচ্ছে, গাড়ি না থাকলে আমরা যাত্রীদের পাঠাবো কিভাবে?”

দুপুরের পর থেকে তাদের বাসগুলো কাউন্টারে পৌঁছাতে তিন থেকে পাঁচ ঘণ্টা করে দেরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিকালের পর প্রতিটি বাস ছাড়ার সময় দুই ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে।

সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার রাকিব হাসান বলেন, “রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে যানজট বেশি হয় । কারণ এ সময় মানুষ যাতায়াত করে, কোরবানির পশুও যাতায়াত করে। এখানে কিছু করার নেই। দুর্ভোগ যেমন যাত্রীদের হচ্ছে, তেমনি আমাদেরও হচ্ছে।”

Image
ঝুঁকি নিয়েই বাসের ছাদে ঈদযাত্রা; বুধবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালের ছবি।

ঝুঁকি নিয়েই বাসের ছাদে ঈদযাত্রা; বুধবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালের ছবি।

Image
ঝুঁকি নিয়েই বাসের ছাদে ঈদযাত্রা; বুধবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালের ছবি।

ঝুঁকি নিয়েই বাসের ছাদে ঈদযাত্রা; বুধবার সকালে ঢাকার গাবতলী বাস টার্মিনালের ছবি।

এদিকে অগ্রিম টিকেট না থাকায় যে যেভাবে পারেন সেভাবে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায় অনেককে। বাসের ভেতরে ‘বাদুরঝোলা’ হয়ে দাঁড়িয়ে কিংবা ছাদে উঠে বাড়ির পথ ধরেন কেউ কেউ।

গাবতলী বাস টার্মিনালের প্রবেশমুখে যেতেই ‘ছাদে পাবনা ২০০, ছাদে পাবনা ২০০’ বলে হাঁক দিতে দেখা যায় তিতাস পরিবহনের এক কর্মচারীকে।

ডাক দিয়ে আশানুরূপ সাড়াও পাচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে কাউন্টারের সামনে থাকা একটি বাসের ছাদ ভরে যায়। এরপর অগ্রিম টিকেট পাওয়া যাত্রীদের নিয়ে রওনা হয় বাসটি।

ওই বাসের ছাদের যাত্রীদের একজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আল আমিন।

“টিকেট নাই, গাড়ি নাই- কী আর করা! বাড়িতে তো যেতে হবে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

‘টিকেট নাই’

‘সব টিকেট আগেই বিক্রি হয়ে গেছে’ জানার পরও এই কাউন্টার থেকে ওই কাউন্টারে টিকেটের খোঁজ করতে দেখা গেছে অনেককে।

তবে কাউন্টার ব্যবস্থাপকদের মুখ থেকে ‘কোনো টিকেট নাই’ শুনে খালি হাতে ফিরতে হয় তাদের।

পূবালী ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলন কল্যাণপুরে একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলেন, “বগুড়ার তাড়াশে যাব। পাঁচ-ছয়টি কাউন্টারে গিয়েছি, কোনো টিকেট নাই। এখন চিন্তায় আছি কি-করা যায়।”

“যাওয়ার কোনো ব্যবস্থা তো এখনও হয় নাই, কিন্তু বাড়িতে তো যাইতেই হবে। লোকাল বাস হোক কিংবা যাই হোক।”

কল্যাণপুরে আগমনী ট্রাভেলসের কাউন্টার মাস্টার মোহাম্মদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ও কালকের কোনো টিকেট নাই। টিকেট তো এক সপ্তাহ আগেই বিক্রি হয়ে গেছে। এখন শুধু আগাম টিকেটপ্রাপ্তদের পাঠাচ্ছি।”