২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার

শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের ছিনতাই হওয়া সাড়ে আট লাখ টাকা মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতপুর গ্রাম থেকে এ টাকা উদ্ধার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের নড়িয়া উপজেলা শাখার ক্যাশ ইনচার্জ চান শরীফ খান ও পিওন উজ্জ্বল মুন্সী গত ১৬ অগাস্ট কাজিরহাট ন্যাশনাল ব্যাংক শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে নড়িয়ার যাচ্ছিলেন।

“পথে মুলাই ব্যাপারিকান্দি এলাকায় সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন লোক গোয়েন্দা পুলিশ পরিচয় নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়।”

পরে তাদের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ ব্রিজের কাছে একটি নির্জন স্থানে ফেলে ২০ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান এসপি।

তিনি আরও বলেন, পরে এ ঘটনায় জাজিরা থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আন্তঃজেলা ব্যাংক ডাকাত দলের চার সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

“এরপর তাদের দেওয়া তথ্যানুসারে এনায়েতপুর গ্রামের মিলন সরদারের ঘরে থাকা স্যুটকেসের ভেতর থেকে সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।”