২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অস্ত্রে ব্যয়িত অর্থ পেলে উন্নয়নশীল দেশগুলো উন্নত হত’

বিশ্বে প্রতিবছর অস্ত্রের পেছনে যে অর্থ ব্যয় হচ্ছে তা সামাজিক খাতে ব্যবহার করা হলে উন্নয়নশীল দেশগুলো অনেক উন্নত হত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 12:06 AM

Updated : 25 Apr 2022, 01:54 PM

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জ্ঞান-সোহাগী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ যৌথভাবে ‘বর্তমান বিশ্ব ও বিশ্ব শান্তি’ শিরোনামে এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তৃতা শেষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গন থেকে একটি শান্তি-র্যা লি বের হয়।

আনিসুজ্জামান বলেন, “প্রতি বছর অস্ত্রের পেছনে সারা বিশ্বের ব্যয় ৩০-৫০ বিলিয়ন ডলার। আর এসব ব্যয়ের অধিকাংশ বহন করতে হচ্ছে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোকে। এটি শিক্ষা স্বাস্থ্যসহ অন্যান্য সামাজিক খাতে ব্যবহার করলে দেশগুলোর অনেক উন্নয়ন হতে পারত।”

তিনি বলেন, “অস্ত্র যদি হাতে থাকে, তবে কোনো না কোনো সময় এর প্রয়োগ রোধ করা অসম্ভব হয়ে দাঁডায়। প্রতি বছর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। যুদ্ধের অভাবই কেবল শান্তি নয়, শান্তি বলতে এর চেয়েও বেশি বুঝায়।

“স্থায়ী শান্তির জন্য দরকার দারিদ্র্য দূর করা, সামাজিক উন্নতি ঘটানো, পরিবেশ রক্ষা করা, সর্বোপরি প্রত্যেক মানুষ যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে সেটা নিশ্চিত করা। অভাব-দারিদ্র্য যেখানে সামাজিক প্রগতির অন্তরায় থাকবে, সেখানে সংঘর্ষ অনিবার্য।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “সারা বিশ্বে ৫০ হাজারের বেশি পারমানবিক অস্ত্র মজুদ রয়েছে। এগুলো কমানোর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের উদ্যোগে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটা সম্ভবপর হয়নি। ইসরায়েল, পাকিস্তান, ইরান এসব দেশ থেকে পারমানবিক অস্ত্র নির্মাণ প্রযুক্তি অন্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

“যারা অস্ত্র রোধ করতে উদ্যোগী, তারাই নিজের দেশের অস্ত্রগুলো নষ্ট করতে চান না। এসব কারণেই পারমানবিক অস্ত্র নিরসন চুক্তি কার্যকর হয় না। পারমানবিক অস্ত্র ছাড়াও বিশ্বে ভয়াবহ রাসায়নিক অস্ত্র ও জীব বৈজ্ঞানিক অস্ত্র আছে।”

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আইনের কঠোর প্রয়োগ ঘটাতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ ও জ্ঞান-সোহাগী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বক্তব্য দেন।

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পড়ে শোনান এম মনিরুজ্জামান।