কেরাণীগঞ্জে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ১
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক বিধবা তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কোতোয়ালি এলাকা থেকে সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
সালামের বিস্তারিত পরিচয় না জানালেও বুধবার রাতে ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ওই নারীর ভাষ্যমতে, দুই বছর আগে ফারুক নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তার সম্পর্ক হয়। বুধবার রাতে ফারুকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথে তার বন্ধু সালামের সঙ্গে দেখা হয় ওই তরুণীর।
তাকে ফারুকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে উত্তর শুভাড্যার একটি বাড়িতে নিয়ে চার বন্ধু ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে সকালে ছেড়ে দেয়।
পরে মেয়েটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় থানায় এসে জবানবন্দি দেন এবং ওই চার জনের বিরুদ্ধে মামলা করেন।
