ঢাকায় অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার
ঢাকার বংশাল থেকে অপহরণের দুইদিন পর এক শিশুকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, বৃহস্পতিবার শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার রহমান আবেদ (১১) বংশাল মালিটোলা এলাকার ব্যবসায়ী শাহীন শকির ছেলে। সে বংশাল মালিটোলা দারুল কুরআন মাদ্রাসার ছাত্র হেফজ বিভাগের ছাত্র।
এ সময় অপহরণকারী সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে।
আটকৃতরা হলেন, নীলফামারী শহরের আল-জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (৩৫) ও শহরের সবুজপাড়া মহল্লার মহিবুল্লাহ হক পাপ্পু (২০)।
ওসি বলেন, মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে মালিটোলা বাবুর বাজার ব্রিজ এলাকা থেকে অপহরণ করা হয় আবেদকে। ওইদিন রাতেই অপহরণকারীরা তাকে রংপুর নিয়ে আসে।
“সেখান থেকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিয়ে মাসুদ নামের এক ব্যক্তির কাছে ৮০ হাজার টাকায় আবেদকে বিক্রি করে ।”
তিনি আরও বলেন, বুধবার রাতে মাসুদ আবেদকে ভগ্নিপতি আশরাফুলের বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ পালিয়ে যান বলেও জানান ওসি।
উদ্ধার শিশু ও আটক দুজনকে বংশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
