২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান-ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আসছেন

ইউরোপের প্রভাবশালী দুই দেশ জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছেন বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

“এ ধরনের (যৌথ) সফর এর আগে কখনও হয়নি। এটা একটা ঐতিহাসিক সফর,” বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন তিনি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমেয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস আগামী ২১ সেপ্টেম্বর তিনদিনের সফরে ঢাকা পৌঁছাবেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নিউ ইয়র্ক সফর উপলক্ষে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য নির্ধারণের সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন তিনি।

এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, গত জুনে প্যারিসে সাক্ষাতের সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তার কাছে এই যৌথ সফরের প্রস্তাব দিয়েছিলেন।

সম্পর্কোন্নয়নের লক্ষ্যেই এ ধরনের সফর মন্তব্য করে তিনি বলেন, “আমি সঙ্গে সঙ্গেই তার প্রস্তাবে সম্মতি দিয়েছিলাম। ফ্রান্স ও জার্মানি উভয়ই আমাদের বন্ধু দেশ, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধেও সমর্থন করেছিল।”

জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মানিয়ে নিতে পটুয়াখালীতে চলমান প্রকল্পের কার্যক্রম দেখতে দুই নেতার সঙ্গে তিনিও সেখানে যাবেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের ঝুঁকির মুখে আছে বাংলাদেশ এবং প্যারিস জলবায়ু সম্মেলনের আগে তাদের এ সফর বাংলাদেশকে জোরালোভাবে বক্তব্য তুলে ধরতে সহায়তা করবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাস ভবন উদ্বোধন করবেন।