২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ঢাবি ছাত্র গ্রেপ্তার

এক ব্যক্তিকে ধরে নিয়ে হলের মধ্যে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পুলিশে দিয়েছে জগন্নাথ হল প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 01:34 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে তাকেও শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে হলের প্রাধ্যক্ষ অসীম সরকার জানিয়েছেন।

অপহরণের অভিযোগে আটক রাসেল আল মাহমুদ বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জহরুল হক হলের আবাসিক ছাত্র হলেও জগন্নাথ হলের ২০৬ নম্বর কক্ষে থাকতেন তিনি।

বুধবার বিকেলে জগন্নাথ হলের ওই কক্ষ থেকে আটক করে তাকে পুলিশে দেওয়া হয় বলে প্রাধ্যক্ষ জানান।

এ ঘটনায় রাসেলের সঙ্গী পলাশ ও সুব্রত পালিয়ে গেছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র পলাশ ও সুব্রত জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী। তাদের দুজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে প্রাধ্যক্ষ জানিয়েছেন।

অপহৃত বহিরাগত ব্যক্তির নাম জাকায়িরা। প্রেমঘটিত বিষয় নিয়ে তাকে অপহরণের ঘটনা ঘটে বলে প্রাধ্যক্ষ অসীম সরকার জানান।

তিনি বলেন, “জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল বলে আটক ছাত্র রাসেল জানিয়েছে। ওই ছাত্রী সুব্রত ও পলাশের বিভাগ আন্তর্জাতিক সম্পর্কের তৃতীয় বর্ষে পড়ে।

“জাকারিয়া দুপুরে আবার শামসুন নাহার হলের সামনে এসে ওই ছাত্রীকে ফোন দিয়ে বিরক্ত করে। এ খরব রাসেল, সুব্রত ও পলাশকে জানায় ওই ছাত্রী। এরপর হলের সামনে গিয়ে জাকারিয়াকে মারধর করে জগন্নাথের খেলার মাঠের গ্যালারিতে নিয়ে যায় এবং পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।”

ওই সময় জাকারিয়া তার পূর্ব পরিচিত জিয়া হলের একজনকে এসএমএসে বিষয়টি জানায়।

পরে তিনি তাকে জানালে হলের ওই কক্ষে গিয়ে অপহৃতকে উদ্ধারের পাশাপাশি রাসেলকে আটক করা হয় বলে প্রাধ্যক্ষ জানান।

অপহরণকারী রাসেল ও অপহৃত জাকারিয়া-দুজনই শাহবাগ থানায় আছেন বলে রাতে পরিদর্শক মো. জাফর আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।