মাদারীপুরে ২ স্কুলছাত্রী হত্যার মূল আসামি গ্রেপ্তার
মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যার একমাস পর মামলার মূল আসামি রানা নার্গাসীকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শিবচর থানার ওসি আব্দুর ছাত্তার জানিয়েছেন।
ওই ঘটনায় রানাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। অন্যরা হলেন- শিপন শিকদার (২০), রকিব শিকদার (২১) ও রফিকুল ইসলাম দরজী (২০)। এই তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
এদিকে হত্যা মামলার পর গত সোমবার ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগে আরেকটি মামলা হয়েছে।
নিহত ছাত্রীদের একজন হ্যাপির মা মুক্তা বেগম মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলা করেন। হত্যা মামলার চার আসামিসহ আরো কয়েকজনকে এতে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- মেহেদী হাসান (২০), উজ্জ্বল শিকদার (২৫), আলামিন হাওলাদার (২০) ও সাজন বেপারী (২০)।
ওই দিন বিকালে দুজনকে জেলা সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় কয়েকজন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের এবং হ্যাপি একই গ্রামের হাবিব খানের মেয়ে।
ঘটনার পরদিন সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
নিহতদের পরিবারের অভিযোগ- প্রতিবেশী আলম শিকদারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দুই সহপাঠীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
তবে ময়নাতদন্তের পর তাদের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন সদর হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম।
এছাড়া সুমাইয়ার গলা, ডান হাতের কবজির উপর, পেটের বাম পাশে ও দুই পায়ের পাতায় ক্ষতচিহ্ন পাওয়া গেলেও হ্যাপির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।
ধর্ষণের বিষয়ে নিশ্চিত হতে কিছু আলামত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
পরীক্ষায় ধর্ষণের আলামত পেলেই মামলা করার কথা তখন বলেছিলেন মাদারীপুর কোতোয়ালি থানার ওসি জিয়াউল মোর্শেদ।
কিন্তু হত্যার তদন্তে পুলিশ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন নিহত হ্যাপীর মা মুক্তা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক মাস ধরে থানায় ঘুরেও কোনো কুলকিনারা পাইনি। পরে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিতে হয়েছে। শুরু থেকেই থানায় মামলা নেওয়ার ব্যাপারে পুলিশ নানাভাবে হয়রানি করেছে।”
বাদিপক্ষের আইনজীবী ইয়াদ মোর্শেদ সজল বলেন, “ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতেই এর আগে হত্যা মামলা নিয়েছে পুলিশ। নতুন মামলায় সদর থানা পুলিশের ওসিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।”
