মাদারীপুরে ২ কিশোরীর মৃত্যু: আটক ৩ জন রিমান্ডে
মাদারীপুরে দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শাহজাহান মিয়া তিন আসামিকে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম মো. জাকারিয়ার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জর করেন বলে মাদারীপুরের সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছেন।
আটকরা হলেন- রকিব শিকদার, শিপন শিকদার ও রফিক শিকদার।
গত বৃহস্পতিবার স্কুলের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া (১৪) ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি (১৫)। বিকালে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়।
সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের এবং হ্যাপি একই গ্রামের হাবিব খানের মেয়ে।
শুক্রবার সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার ৫/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, আটক তিনজনই মামলার আসামি।
অন্য আসামিরা হলেন- মেহেদি (২০), রানা (২০), উজ্জ্বল (২৬) ও সাজন (১৮)।
নিহতদের পরিবারের অভিযোগ- প্রতিবেশী আলম শিকদারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে দুই সহপাঠীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
ধর্ষণের বিষয়ে নিশ্চিত হতে কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরীক্ষায় আলামত পেলেই ধর্ষণের মামলা হবে বলে জানান ওসি জিয়াউল।
