২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ২ কিশোরীর মৃত্যু: মামলা দায়ের

মাদারীপুরে দুই কিশোরী নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 03:37 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

শুক্রবার দুপুরে মাদারীপুর কোতোয়ালি থানায় মালাটি দায়ের করা হয় বলে জানান ওসি জিয়াউর মোর্শেদ।

এছাড়া দুপুরে ওই দুই কিশোরীর ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে এবং মৃত্যুর কারণসহ কয়েকটি বিষয় নিশ্চিত হওয়ার জন্য আলামত পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া (১৪) ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি (১৫) স্কুলের উদ্দেশে বের হয়।

বিকালে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের এবং হ্যাপি একই গ্রামের হাবিব খানের মেয়ে।

মাদারীপুর কোতোয়ালি থানার ওসি জিয়াউর মোর্শেদ জানান, এই ঘটনায় সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে ৫/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

“আমরা ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদের ধরতে পারব।”

ধর্ষণের বিষয়ে তিনি বলেন, আলামত পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদনের পরে বলা যাবে তাদের ধর্ষণ করা হয়েছিল কি না।

মাদারীপুর সদর হাসপাতালের ডা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“ময়নাতদন্তে সুমাইয়া আক্তারের গলা, ডান হাতের কবজির উপর, পেটের বাম পাশে ও দুই পায়ের পাতায় ক্ষত চিহ্ন দেখা গেছে।

“তবে হ্যাপি আক্তারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ডা. শফিকুল ইসলাম আরও বলেন, ধর্ষণের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের পাকস্থলী, কিডনি ও যকৃত থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

“আশা করছি আগামী রোববার বা সোমবার প্রতিবেদন পাওয়া যাবে,” বলেন তিনি।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, মাদারীপুর জেলা পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

মাদারীপুরে দুই স্কুলছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু, আটক ২