২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী মহসিন আলীর লাশ এসেছে দেশে

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর লাশ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে, বুধবার মৌলভীবাজারে তার দাফন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 11:51 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন আসে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর থেকে কফিন সরাসরি নেওয়া হয় মিন্টো রোডে প্রয়াত মন্ত্রীর সরকারি বাড়িতে।

রাতে কফিন রাখা হবে বারডেম হাসপাতালে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে লাশ নেওয়া হবে সবার শ্রদ্ধা জানানোর জন্য।

এরপর সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার পর লাশ নেওয়া হবে মৌলভীবাজারে। সেখানে হজরত শাহ মোস্তফা (রহ) মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৩ সেপ্টেম্বর তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ৫ সেপ্টেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুর।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৈয়দ মহসিন আলী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ছিলেন।

Image
সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি)

সৈয়দ মহসিন আলী (ফাইল ছবি)

২০০৮ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

আর গতবছর দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।

একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন মহসিন আলী।

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী মহসিন আলী মৌলভীবাজার চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করেন।

তিন মেয়ের বাবা সৈয়দ মহসিন আলী বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে একাধিকবার সংবাদের শিরোনামে আসেন। সাংবাদিকদের নিয়ে মন্তব্যের কারণেও বিভিন্ন সময়ে তাকে সমালোচিত হতে হয়।

পুরনো খবর:

সৈয়দ মহসিন আলী আর নেই