২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে সফটওয়্যার টেস্টিং ল্যাব উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবরেটরি উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:49 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে (আইআইটি) সরকারের অর্থায়নে এই ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার ল্যাবরেটরি উদ্বোধন করে পলক বলেন, “এই ল্যাবের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ফার্মের সফটওয়্যার পরীক্ষা করা হবে, যার মাধ্যমে উন্নয়ন হবে বিশ্ববিদ্যালয়ের। এছাড়া দেশে ও বিদেশের বিভিন্ন সফটওয়্যার ফার্মকে এই ল্যাবের মাধ্যমে সহযোগিতা করা যাবে।”

পর্যায়ক্রমে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়েই স্পেশালাইজড ল্যাব নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশ প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে। ইন্টারনেট এখন বিভিন্ন পর্যায়ের মানুষকে একীভূত করেছে।”

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “তরুণ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। চীন, জাপানের পণ্য দিয়ে নয়, বাংলাদেশ তার স্বকীয়তার মধ্য দিয়ে বিশ্বে মর্যাদার আসন অর্জন করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআইটির ভারপ্রাপ্ত পরিচালক কে এম আককাস আলী, ধন্যবাদ জ্ঞাপন করেন আইআইটির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।

জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সাপোর্ট টু ডেভলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম বক্তব্য দেন।