২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক নতুন উচ্চতায়: পঙ্কজ

জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক এক ভিন্ন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ স্মরণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 02:14 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

সোমবার ঢাকা-দিল্লি সম্পর্কের বর্তমান অবস্থা ও সম্ভাবনার ওপর দেওয়া এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বক্তৃতা করেন ভারতের হাইকমিশনার।

বাংলাদেশ-ভারত সম্পর্ককে পঙ্কজ ‘ক্রিয়াশীল, প্রাণবন্ত এবং বিস্তৃত’ এক সম্পর্ক হিসেবে চিহ্নিত করেন, যা ‘বন্ধুত্বপূর্ণও সমস্যা সমাধানমূলক মনোভাবের’ ওপর প্রতিষ্ঠিত। 

মোদী সরকার ভারতের ক্ষমতায় আসার এক বছরের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের উদাহরণ টেনে তিনি বলেন, “আমরা কথায় নই, কাজে বিশ্বাসী।”

দুই ঘণ্টার বেশি দীর্ঘ বক্তব্যে পঙ্কজ  প্রতিবেশী দুদেশের একসঙ্গে কাজ করার একটি লম্বা তালিকা তুলে ধরেন।

এসময় বক্তৃতা শুনতে আসা প্রাক্তন রাষ্ট্রদূত ও সাংবাদিকদের কাছ থেকে তিনি সীমান্ত হত্যা ও তিস্তাসহ পানি ইস্যু নিয়ে বহুল প্রচলিত প্রশ্নগুলোর সম্মুখীন হন।

তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ে তার দেশ কাজ করছে বলেও জানান ভারতের হাই কমিশনার। সীমান্তে হত্যাকাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহত করেন এবং ভারত এই সংখ্যা শূণ্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর বলেও জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেলানী হত্যাকাণ্ডের পর বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ায় গত তিন-চার বছরে সীমান্তে হত্যার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

তবে সীমান্ত ব্যবস্থাপনার দুই পক্ষেরই দায়িত্বের কথা মনে করিয়ে তিনি বলেন, “আমাদের দুই পক্ষেরই এমন সব তৎপরতা নিয়ন্ত্রণে আনা দরকার যা অবৈধ কর্মতৎপরতাকে উৎসাহিত করে।” 

“গরু বা গবাদীপশু চোরাচালান একটা বহুল প্রচলিত অবৈধ তৎপরতা .... যা  অর্থ পাচার, জাল টাকা পাচার, মাদক ও অস্ত্র পাচারের মতো বিষয়গুলোর দিকে ধাবিত হয়,” বলেন হাই কমিশনার।

তিস্তা ইস্যুতে কাজ এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, “এসব বিষয়ে নিভৃতে কাজ করাই ভালো, অগ্রগতি প্রচার বা প্রকাশ না করে। এটাই ভারতীয় নীতি। কাজ এগিয়ে চলেছে।”

নদী সংযোগ প্রকল্প বিষয়ে পঙ্কজ জুনে মোদীর সফরে দ্বিপক্ষীয় ঘোষণার কথা মনে করিয়ে দিয়ে জানান, নদীর হিমালয় অংশে ভারত এমন কিছু করবেনা যাতে করে বাংলাদেশের উপর বিরূপ প্রভাব পড়ে।

ভিসা ব্যবস্থাকে আরও সহজতর করতে তারা কাজ করছেন জানিয়ে পঙ্কজ বলেন, “আমারা বহুমুখী পদক্ষেপ নিচ্ছি।”

নতুন নতুন সেন্টার খোলা হচ্ছে জানিয়ে তিনি জানান, টুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রেই আ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য চার বা পাঁচ বছরের ভিসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি ভারতীয় হাইকমিশন সে অনুযায়ী কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

‘আমরা সহযোগিতার ক্ষেত্রে যান্ত্রিক মনোভাব পেরিয়ে এসেছি’ মন্তব্য করে পঙ্কজ বলেন, ভারতের ফার্স্ট লেডির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে নয়া দিল্লি পৌঁছে অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুল্কমুক্ত ব্যবস্থায় ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি বিপরীতে বাংলাদেশে ভারতীয় ইকোনমিক জোন প্রতিষ্ঠায় জমি বরাদ্দকে ‘দৃষ্টান্তমূলক পরিবর্তন, সম্পর্কের এক নতুন মাত্রা’ বলে অভিহিত করেন তিনি।

পেট্রাপোল-বেনাপোল বন্দরে ২০১৩ সালের তুলনায় মানুষের যাতায়াত ২০১৪ সালে দ্বিগুণ হয়েছে জানিয়ে হাই কমিশনার বলেন, “আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন, সাধারণ মানুষের যোগাযোগ কী প্রভাব পড়েছে।”

মোদীর সফর নিয়ে বাংলাদেশে কোনো বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া না দেখার বিষয়টি তুলে ধরে তিনি বলেন,

এটা যদি যথার্থ অনুমান হয়, সেক্ষেত্রে আমি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতেই পারি। আর যদি আমি ভুল হই, তাহলে আমাদের অবশ্যই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটু ধীরতা আনা উচিৎ।”

যদিও কোন সম্পর্ককেই চিরস্থায়ী ধরে নেওয়া ঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সদিচ্ছা ও মানুষের সমর্থন থাকবে, অগ্রগতি সঠিক পথেই হবে।”