২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ধর্ষণের পর মামলা ঠেকাতে স্ট্যাম্পে স্বাক্ষর আদায়

ফেনীতে ধর্ষণের পর মামলা ঠেকাতে এক তরুণী ও তার মাকে ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার রাতে শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডে একটি দোকানে সালিশের নামে আটকে রেখে স্ট্যাম্পে সই নেওয়া বলে জানিয়েছেন ধর্ষিত তরুণীর মা।

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওই তরুণীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সাহাব উদ্দিন খোন্দকারের ছেলে নয়ন ওরফে ছোটন ও তার সহযোগীরা গত বুধবার রাতে তার মেয়েকে ঘর থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

পরদিন তিনি সোনাগাজী মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। 

“শনিবার সকালে মেয়েকে নিয়ে থানায় যাওয়ার পথে আমাদেরকে তুলে নিয়ে যায় স্থানীয় ইসহাক খোকন ওরফে ভাগিনা খোকন ও শাহাদাত হোসেনসহ কয়েকজন।”

পরে দিনভর তাদের ফেনী শহরের একটি বাসায় আটকে রেখে মামলা না করতে ভয়ভীতি দেখানো হয় বলে জানান তিনি।

রাত ৮টার দিকে সোনাগাজী বাসস্ট্যান্ডে আনোয়ারের ফার্নিচার দোকানে সালিশের আয়োজন করা হয় এবং সেখানেই তাদের কাছ থেকে জোর করে স্ট্যাম্প ও দুটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া, বলেন ধর্ষিতার মা।

সালিশে তাদেরকে বাড়িতে না থাকতেও বলা হয় বলে জানান তিনি।

সালিশে ভাগিনা খোকন ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মাঈন উদ্দিন, ধর্ষকের ভাই মোহন ও ভগ্নিপতিসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি হারুন-অর রশিদ জানান, ধর্ষণ ও সালিশের খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।