তিন বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘোষণা
টিউশন ফিতে আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজটের প্রেক্ষাপটে বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়ে আকস্মিক ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি) কর্তৃপক্ষ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করেছে।
মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারের পর রোববারও এই তিনটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে, যাতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছুটির কারণ স্পষ্ট না করে বলেছে, অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইইউবির নোটিসে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ১৩ থেকে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবারও সড়কে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। তারা ধর্মঘটও চালিয়ে যাচ্ছে।
চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।
তবে শিক্ষার্থীরা ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। তারা বলছে, এর মধ্য দিয়ে শিক্ষাকে পণ্য হিসেবে দেখার সরকারের মানসিকতার প্রকাশ ঘটেছে। পাশাপাশি ওই অর্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করবে।
