২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর বেতন ‘বাড়াবে না’ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আগামী তিন বছর বেতন না বাড়ানোর ঘোষণা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রামপুরার এ বিশ্ববিদ্যালয়টি ছাড়াও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ভ্যাটের টাকা নিজেরাই সরকারকে পরিশোধ করবে বলে জানিয়েছে। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনিন্দিতা পল রোবাবর বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিশ্ববিদ্যালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী তিন বছর শিক্ষার্থীদের বেতন বাড়ানো হবে না। এছাড়া সরকার যে ভ্যাটের কথা বলেছে তাও শিক্ষার্থীদের দিতে হবে না।”

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মোনা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এনবিআরের সিদ্ধান্ত অনুসারে শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না। এ পর্যন্ত শিক্ষার্থীরা ভ্যাট বাবদ যে টাকা দিয়েছে তা ২০১৬ সালের স্প্রিং সেমিস্টারের সঙ্গে সমন্বয় করা হবে।”

শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষও।

এ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোববার দুপুরে ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা আশা করছেন, এ ঘোষণার ফলে ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে যাবেন এবং নিয়মিত তাদের অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেবেন।”

অবশ্য এই আশ্বাসের পরও অনমনীয় মনোভাব দেখাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ফরাসউদ্দিন স্যার (বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন) আমাদের বেতন না বাড়ানোর কথাটি জানিয়েছিলেন।

“আমরা স্যারকে জানিয়েছি, আমাদের দাবি বেতন বাড়ানো বা কমানো নয়। আমরা চাই শিক্ষার উপর কোনো ভ্যাট আরোপ না করা হোক।”

রোববার সন্ধ্যায় সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও সোমবার সকাল থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করা হবে বলে জানান আন্দোলনকারীদের এই প্রতিনিধি।

সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে গেলে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়। 

এরপরও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং রোববারও বিভিন্ন সড়কে তাদের অবরোধের কারণে নগরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।