সড়কে সড়কে ভোগান্তি
ভ্যাটবিরোধী আন্দোলনে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের মধ্যে তীব্র গণপরিবহন সঙ্কটে রাজধানীবাসীর ভোগান্তি ছিল রোববারও।
আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে উত্তরার আবদুল্লাহপুর, প্রগতি সরণির মেরুল ও রামপুরা, বনানী কাকলীর বিমানবন্দর সড়ক, মহাখালীতে গুলশানমুখী সড়ক এবং ধানমণ্ডির কয়েকটি অংশে রাস্তা আটকে বিক্ষোভ করে।
বিকালে বৃষ্টির আগ পর্যন্ত তাদের বিক্ষোভে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে অন্যসব সড়কে দেখা দেয় তীব্র যানজট, অন্যদিকে কিছু রাস্তা একেবারে ফাঁকা হয়ে যায় যানবাহন না থাকায়।
বিকালে অবরোধ উঠে গেলেও যানজটের ধকল পোহাতে হচ্ছে নগরবাসীকে।
উচ্চ শিক্ষায় টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর আন্দোলনে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির পর গত বৃহস্পতিবার সড়ক অবরোধে গেলে স্থবির হয়ে পড়ে রাজধানী।
এরপর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে না নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তা আদায়ের ঘোষণা দিলেও আন্দোলনরতরা বলছেন, শিক্ষায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে, কারণ শিক্ষার পণ্যায়ন হয় না।
বাড্ডার চিত্র
সকালে আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করায় প্রগতি সরণী থেকে দুই দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সময়ে রামপুরা ব্রিজের দক্ষিণ পাশ থেকে শত শত মানুষকে রিকশা ও ভ্যানে চড়ে এবং হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
নতুন বাজার থেকে গুলিস্তানগামী লেগুনাগুলো বাড্ডা থেকে মেরুল পর্যন্ত এসে আটকে যায়। সেখানে নেমে নতুন বাহন না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
এই সঙ্কটের মধ্যে রিকশা মিললেও দুই থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হয় বলে যাত্রীদের অভিযোগ।
প্রবাসী বাংলাদেশি ফজলুর রহমান মালয়েশিয়ার বিমান ধরার জন্য রওনা হয়ে বেলা সাড়ে ১২টায় আটকে ছিলেন রামপুরায়। এরপর হেঁটেই রওনা হতে হয় তাকে।
“আমার বাড়ি নোয়াখালী। ঢাকার সব রাস্তা ভালোভাবে চিনি না। বিমানবন্দরে কীভাবে পৌঁছাব তা নিয়ে টেনশনে আছি,” দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন তিনি।
কাপড়ের ফেরিওয়ালা মোক্তার হোসেন বাড্ডায় যাওয়ার জন্য বাসে উঠলেও রামপুরায় নেমে যেতে বাধ্য হন। এভাবে রাস্তা আটকে আন্দোলন নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।
মেরুল বাড্ডার বাঁশ পট্টি থেকে বাঁশ নিয়ে এ সড়কের মেরুল অংশে রাস্তায় ব্যারিকেড দেয় আন্দোলনকারীরা।
সেখানে কর্তব্যরত এসআই মেহেদী মাকসুদ বলেন, “আমরা সকালে অনুরোধ করেছিলাম, সড়ক অবরোধ করে ভোগান্তিতে ফেলবেন না। বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিন। তবে তারা (শিক্ষার্থীরা) আমাদের কথা শোনেনি।”
ভোগান্তির মধ্যেও ভ্যাটবিরোধী আন্দোলনকে সমর্থন করতেও দেখা গেছে কয়েকজনকে।
শিউলি বেগম নামের এক নারী তার ছেলেকে স্কুল থেকে নিয়ে হেঁটে বাসায় ফেরার পথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সন্তানরাও পড়াশোনা করে, ভোগান্তি হলেও আমি আন্দোলনের পক্ষে। আমি চাই সরকার ভ্যাটের সিদ্ধান্ত থেকে সরে আসুক।”
ধানমণ্ডির চিত্র
ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের দুই মাথায় ডজনখানেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থীর অবস্থানের কারণে মিরপুর রোডের কলেজগেইট থেকে আসাদ গেইট পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে।
অনেক চালককে সামনে এগোতে না পেরে গাড়ি ঘুরিয়ে নিতে দেখা গেছে। অসহায় যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে হেঁটে রওনা হন তখন।
তেজগাঁও টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী জাকির হোসেন কলেজ গেইটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবারও হেঁটে হেঁটে কলেজে গেছি। হেঁটেই ফিরেছি। আজকেও হেঁটে যেতে হচ্ছে। এভাবে আর কতদিন? যাই হোক, একটা সমাধান দরকার।”
ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে দুর্ভোগে পড়া সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটতে দেখা যায়।
ধানমণ্ডিতে বেসরকারি সংস্থায় চাকরিরত ফয়জুল আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্ত্রী অসুস্থ। স্কয়ার হাসপাতালে ভর্তি। আমি তাকে দেখতে হাসপাতালে যাচ্ছিলাম। এদের অনেক অনুরোধ করেছি যেন আমার গাড়িটা ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারা কথা শুনতেই প্রস্তুত না।”
রাস্তায় আটকা পড়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাসা সোবহানবাগ। নাইট ডিউটি করে বাসায় ফিরছি। গত দুই ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছি।
“সব আন্দোলনের একটা নীতি থাকে। জনগণকে ভোগানো তো কোনো আন্দোলনের কাজ হতে পারে না।”
আন্দোলনকারী ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের আন্দোলনের স্বার্থেই রাস্তায় ব্যারিকেড দিয়েছি। গাড়ি যেতে দেওয়া না হলেও ১০ মিনিট পর পর ব্যারিকেডগুলো শিথিল করা হচ্ছে যেন গাড়িগুলো ইউটার্ন নিয়ে চলে যেতে পারে।
“আমরা বৃহস্পতিবার ব্যারিকেড দিইনি, আজকেই প্রথম ব্যারিকেড দেওয়া হল, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা রাস্তায় থাকব।”
ধানমণ্ডির ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান নিয়ে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে শুক্রাবাদ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
শিক্ষার্থীরা রাপা প্লাজার দিকের সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে ছোট ছোট দলে জিগাতলা বিডিআর গেইট থেকে ধানমন্ডি ২৭ পর্যন্ত সড়কেও অবস্থান নেয়।
ধানমণ্ডির বিভিন্ন এলাকায় ড্যাফোডিলের সঙ্গে ইবাইস ছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল বিক্ষোভে।
এই অবরোধের কারণে বেলা পৌনে ১২টার দিকে নিউ মার্কেট-নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন পর্যন্ত সড়ক যানজটে আটকে থাকতে দেখা যায়।
ফলে আজিমপুর, পিলখানা ও বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের ছুটির পর চরম ভোগান্তিতে পড়তে হয়।
বনানীর চিত্র
কাকলী মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করায় বিমানবন্দর সড়কে চেয়ারম্যান বাড়ি মোড় থেকে বনানী নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এ্আইইউবি ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, এশিয়া ইউনিভার্সিটি, অতীশ দীপংকর ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন, মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা অবরোধ করে রাখা হলেও হজযাত্রী, স্কুলভ্যান ও অ্যাম্বুলেন্স আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে।”
কাকলী মোড়ে কামাল আতাতুর্ক সড়কের দিকে শ্যামলী বাংলা পরিবহনের একটি বড় বাস এবং ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের বাস আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। একইভাবে বনানী ডিওএইচএসের দিকের রাস্তাও দুটি বাস রেখে আটকে দেওয়া হয়।
কয়েকশ’ শিক্ষার্থীকে সেখানে ছোট ছোট জটলা করে ‘নো ভ্যাট’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বসে ‘নো ভ্যাট’, ‘নো ভ্যাট’ স্লোগান দিতে দেখা যায়।
মতিঝিলে কর্মস্থলে যাওয়ার পথে আটকে পড়া আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বরোড খিলক্ষেত বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ৮টায় রওনা হয়ে সাড়ে ১০টায় বনানী পৌঁছেছি। বিভিন্ন উপায়ে মতিঝিল যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই।”
গুলশানে দুই নম্বরের বাসিন্দা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্ররা যে আন্দোলন করছে তা যৌক্তিক আন্দোলন। আমরা কেউই চাই না, শিক্ষার ওপর ভ্যাট বসুক।
“সরকার যে ধরনের কথা বলছে তাতে মনে হচ্ছে, তারা সিদ্ধান্তহীনতায ভুগছে।”
উত্তরার আবদুল্লাহপুর ও হাউজ বিল্ডিংয়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে গাড়ি আসা বন্ধ ছিল। ফলে দুপুরে বিমানবন্দর সড়কে যানবাহন ছিল একেবারেই কম।
দুপুরে বিমানবন্দর, কাওলা এবং খিলক্ষেত বাসস্ট্যান্ডে শত শত মানুষকে যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
