২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ‘তাড়া খেয়ে’ ভাঙ্গায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের তাড়া খেয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:44 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার বিকালে কুদ্দুস মোল্লা (৬০) মারা যান বলে জানান ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম।

কুদ্দুস মোল্লা ওই উপজেলার বিষমপদ্দি গ্রামের আবদুল মজিদ মাতুব্বরের ছেলে।

ওসি বলেন, “দীর্ঘদিন ধরে চুমরদী গ্রামে আনোয়ার মাতুব্বরের বাড়িতে জুয়ার আসর বসত। সেখানে কয়েক থানার জুয়াড়িরা এসে লাখ লাখ টাকার জুয়া খেলায় অংশ নিত।

“গোপন সংবাদের ভিত্তিতে আমার থানার অফিসার তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকালে ওই বাড়িতে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে জুয়াড়িরা পালাতে চেষ্টা করেন। পুলিশের তাড়া খেয়ে কুদ্দুস মোল্লা মাটিতে পড়ে মারা যান।”

ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির সিকদার মিলন বলেন, “ভাঙ্গা থানার এসআই রিপনসহ ৮-১০ জন পুলিশ সদস্য আনোয়ার মোল্লার বাড়িতে অভিযান চালায়। পুলিশের হামলার ভয়ে পালাতে গিয়ে কুদ্দুস মারা যান।”