২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি তিন কিশোরকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন কিশোরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার রাতে যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালের দিকে বিএসএফ ভারতের আংরাইল সীমান্ত থেকে ওই তিনজনকে আটক করে।

এরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার মলিন্দ্র বৈদ্যের ছেলে সঞ্জিত বৈদ্য (১৭), রবি বৈদ্যের ছেলে রতন বৈদ্য (১৬) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার সুনিল গোলদারের ছেলে সুজন গোলদার (১৬)।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সুবেদার শফিউদ্দিন জানান।

বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।”

রবি বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার সজল নামের এক দালাল জনপ্রতি চার হাজার টাকায় তাদের সীমান্ত পার করে দেয়। ভারতে প্রবেশের পর তারা বিএসএফের হাতে আটক হন।