চুক্তিভিত্তিক নিয়োগ ‘চলবেই’
সরকারের মধ্যেই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আপত্তি থাকলেও আপাতত এ ‘প্রথা’ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সিলেটের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় ‘কারিগরি জ্ঞানসম্পন্ন’ জনবলের সঙ্কেট রয়েছে, সেখানে ‘জনস্বার্থে’ সরকার ‘উপযুক্ত যোগ্যতাসম্পন্ন’ ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।
“এ ছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দ্রুত জনবল নিয়োগ দেওয়া সম্ভব না হলে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে জনবল সঙ্কট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।”
সরকার গত দুই বছরে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। কেবল অগাস্ট মাসেই বিভিন্ন পদে দশজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সৈয়দ আশরাফ সংসদকে বলেন, “জনস্বার্থে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীয়নতা এখনো থাকায় এই প্রথা বাতিলের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।”
চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে যেমন ক্ষোভ আছে, তেমনি সরকারের ভেতরেও এ নিয়ে আপত্তি রয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতবছর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেককে একটি চিঠিও দিয়েছিলেন, যাতে সরকারি কর্মকর্তাদের ‘পারতপক্ষে’ চুক্তিভিত্তিক নিয়োগ না দিতে অনুরোধ করেন তিনি।
ওই সময় প্রায় ১৬০ জন সরকারি কর্মকর্তা অবসরের বয়স পার হওয়ার পরও সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন। এসব নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনা প্রাধান্য পায় বলেও অভিযোগ রয়েছে।
