গাজীপুরে বিলের পানিতে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় বিলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার মৈশাধামনা গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে তারা বিলের পানিতে পড়ে মারা যায় বলে জানান ওই গ্রামের বাদল মিয়া।
মৃতরা হলো মো. মামুন আকন্দের মেয়ে সোহানা (৪) ও আসমত আলীর ছেলে তামিম (৩)।
বাদল মিয়া জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশে তামিম ও সোহানা অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়।
“এক পর্যায়ে তারা পাশে বিলের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।”
হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
