ধামরাইয়ে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ধামরাইয়ের উত্তর নওহাটা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. সিয়াম (০৫) উত্তর নওহাটা এলাকার বাসিন্দা বাস চালক শহিদুল ইসলামের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে পথচারীরা পচা গন্ধ ও কুকুরের উৎপাত দেখে ডোবার সামনে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শনিবার থেকে সিয়াম নিখোঁজ হয়। ওই দিনই তার বাবা শহিদুল ইসলাম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করে বলে জানান এসআই আলমগীর।
তিনি আরও বলেন, নিখোঁজের দিন সিয়াম তার বাবার হেলপার সাইফুল ও রবিউলের সঙ্গে ছিল। ওই দিনের পর থেকে তারাও নিখোঁজ।
সিয়ামকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে জানিয়ে এসআই বলেন, সাইফুল ও রবিউল শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
