জঙ্গি অর্থায়ন: ঢাকায় ব্যবসায়ী গ্রেপ্তার
জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ অর্থায়নের অভিযোগে ঢাকায় এক পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকালে তুরাগ থানার তালতলা এলাকা থেকে মো. এনামুল হক (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ রাত ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যবসায়ী হামজা ব্রিগেডের অন্যতম সংগঠক মনিরুজ্জামান ডনের ব্যাংক হিসাবে ২০১৪ সালের ১৬ অগাস্টে ১৬ লাখ টাকা জমা দিয়েছিলেন।
“এনামুলকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। রোববার সকালে পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”
সম্প্রতি বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব।
এর মধ্যেই তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
