২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: কামরুলকে ফেরত পাঠাতে রাজি সৌদি আরব

সৌদি আরব সরকারের অনুমতি মেলায় শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বড় জোর দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রী তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান।

সেখানে তিনি লিখেছেন, “শিশু রাজন হত্যা মামলার আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট। তারা ইন্টারপোলকে এ বিষয়ে চিঠিও দিয়েছে। কাগজপত্রের বাকি কাজ সারতে দুই সপ্তাহের বেশি লাগবে না।”

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তোলপাড় হয় সারাদেশ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ অগাস্ট কামরুলসহ ১৩ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন।

হত্যাকাণ্ডের পর পালিয়ে সৌদি আরবে চলে যান প্রবাসী কামরুল। পরে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় জেদ্দায় তাকে আটক করা হয়। 

কামরুলকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন। গত জুলাই মাসে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোল ‘রেড কর্নার নোটিস’ প্রকাশ করে।

কামরুলের ভাই মুহিত আলমসহ এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুরনো খবর:

রাজন হত্যা: পলাতকদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
রাজন হত্যা: কামরুলের নামে ইন্টারপোলের নোটিস