অনুপ্রবেশ: নূর হোসেনের মামলা তুলে নিতে চায় ভারত
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেওয়ার আবেদন করেছে ভারতীয় পুলিশ।
চব্বিশ পরগনার হাকিম আদালত পশ্চিমবঙ্গ পুলিশের ওই আবেদনে সায় দিলে নারায়ণগঞ্জের বহিস্কৃত এই আওয়ামী লীগ নেতাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার পথ তৈরি হবে।
এ বিষয়ে শুনানির জন্য আদালত আগামী ২১ সেপ্টেম্বর দিন রেখেছে বলে এ মামলায় আসামিপক্ষের আইনজীবী অনুপ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সাত খুনের বিচারের জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারি পর্যায়ে আলোচনা চললেও ভারতের আদালতে মামলার কারণে বিষয়টি আটকে রয়েছে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানান পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেন, র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে র্যা বের অভ্যন্তরীণ তদন্তেও তার সত্যতা পাওয়া যায়।
হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
হত্যাকাণ্ডের পর নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এক পর্যায়ে নিরুদ্দেশ হন নূর হোসেন। এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়।
গতবছর ১৮ অগাস্ট নূর হোসেন এবং তার দুই সহযোগী ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে চব্বিশ পরগনার বারাসাত আদালতে অভিযোগপত্র দেয় বাগুইআটি থানা পুলিশ।
সোমবার বারাসাতের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্রের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন করেন সরকারী কৌঁসুলি শান্তময় বসু।
অবশ্য নূর হোসেনের দুই সহযোগীর বিরুদ্ধে এ মামলা ভারত সরকার চালিয়ে যেতে চায়।
আসামিপক্ষের আইনজীবী অনুপ ঘোষ সোমবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অনুরোধে নূর হোসেনকে ভারত সরকার ফেরত পাঠাতে চায়। এ কারণেই মামলা তুলে নেওয়ার আবেদন করা হয়েছে।
