২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের ফেরা মামলায় আটকা: আইজিপি

সাত খুনের আসামি নুর হোসেনকে ফেরাতে তৎপরতা চললেও ভারতে তার বিরুদ্ধে মামলাটি নিষ্পত্তি না হওয়ায় জটিলতা কাটছে না বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 11:44 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

রোববার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েই তিনি ‘অচিরেই’ এই আসামিকে ফেরত আনার আশাবাদ প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের আসামি নুর হোসেন ২০১৩ সালে পালিয়ে যাওয়ার পর ভারতের কলকাতায় ধরা পড়েন। 

এই বাংলাদেশির সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা চলছে। তবে ধরা পড়ার পর থেকে তাকে ফেরত আনার কথা বলে আসছিল পুলিশ।

আইজিপি বলেন, “ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে দিতে চাচ্ছে না ভারত। যা যা আদালতের কাগজপত্র দরকার তা তাদেরকে দেওয়া হয়েছে। কূটনৈতিক পর্যায়ে, ইন্টারপোলের মাধ্যমেও দেয়া হয়েছে।

“যেহেতু মামলা রয়েছে, তাই তারা দিতে চাচ্ছে না। তাদের মামলা শেষ হলেই নুর হোসেনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী অচিরেই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে ‘গ্রীণ ফর পীস’ নামে একটি সংগঠনের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শহীদুল হক।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পুলিশের এআইজি গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আমির খসরু বাবু।