পাওনা টাকা নিয়ে ঝগড়া, থামাতে গিয়ে খুন
নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা টাকার ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার মাসকা ইউনিয়নের দ্বি-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব।
নিহত আব্দুল মজিদ (২৫) ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আলমপুর গ্রামের রতন নামের এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা পেত মজিদের চাচা আব্দুল গাফফার। সেই টাকা ফেরত চাইলে গাফফার ও রতনের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এ সময় মজিদ তাদের থামাতে এগিয়ে গেলে রতন উত্তেজিত হয়ে মজিদকে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং রতনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
