চাবি চুরির পর মোটরসাইকেল নিতে এসে আটক
বরিশালে অন্যান্য মালামালের সাথে একটি মোটরসাইকেলের চাবি চুরির পরদিন ফের চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক চোর।
মঙ্গলবার রাতে বরিশাল নগরীর গীর্জা মহল্লা এলাকার একটি পাইকারী মোবাইল বিক্রয় কেন্দ্রে এই চুরির ঘটনা ঘটে।
পরদিন বুধবার দুপুরে চুরি করা চাবির সাহায্যে মোটরসাইকেলটি নিতে গেলে পুলিশের হাতে ধরা পড়ে সেই চোর।
আটক নজরুল সিকদার (৩৮) চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ।
নজরুল বাকেরগঞ্জ উপজেলার দেলোয়ার সিকদারের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, রিলেশন বিজনেস পয়েন্টের এক পরিচালক সকালে সেখানে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আশপাশের মার্কেটগুলোতে নজরদারি জোরদার করে।
বিজনেস পয়েন্টের মোটরসাইকেলটি গীর্জামহল্লা জোহরা মার্কেটে রাখা ছিল। চোর মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
রিলেশন বিজনেস পয়েন্টের পরিচালক আরাফাত রহমান রুবেল জানান, তাদের নগদ সাড়ে সাত লাখ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার খোয়া গেছে।
