২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরের শিশুটি ছিল বস্তায় ভরা

শিশুটির খিচুনি বন্ধ করার চেষ্টা করছেন চিকিৎসকরা।

আড়াই বছরের শিশুটি ছিল বস্তায় ভরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:24 PM

Updated : 24 Jun 2023, 10:24 PM

ঢাকার উপকণ্ঠ আশুলিয়া থেকে আড়াই বছরের এক শিশুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে; যে এখন হাসপাতালে ভর্তি, আরও পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে তার অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার দুপুরে শিশুটিকে উদ্ধারের পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিন সকালে আশুলিয়ায় বাসার সামনে থেকে নিখোঁজ হয় আড়াই বছরের ওই শিশুটি। যখন উদ্ধার করা হয়, তখন শিশুটির গলায় গামছা প্যাচানো ছিল। পরে স্থানীয়রা শিশুটির মুখে মুখ লাগিয়ে বাতাস দেওয়ার পর সে নড়েচড়ে উঠলে তাকে দ্রুত হাসপাতাল নেওয়া হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটি বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

সেখানকার চিকিৎসক তাওহিদ বিল্লাহ বলেন, “আমরা যখন শিশুটি পাই, তখন তার খিচুনি হচ্ছিল। আমরা খিচুনি বন্ধ করার চেষ্টা করছি।”

শিশুটি আশঙ্কামুক্ত নয় জানিয়ে তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা বলা যাবে।”

শিশুটির বাবা একজন সবজি বিক্রেতা। আশুলিয়া জিরাবো পুকুর পাড়ে তাদের বাসা। তিন ভাই বোনের মধ্যে শিশুটি সবার ছোট।

শিশুটির বাবা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাসার সামনে থেকে তার মেয়ে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে কোনও হদিস পাচ্ছিলেন না। পরে জিরাবো ইগনাইট কিন্ডারগার্ডেনে তার সন্ধান মেলে।

জিরাবো ইগনাইট কিন্ডার গার্ডেনের পরিচালক জয়নাল আবেদিন তুহিন বলেন, “দুপুর আড়াইটার দিকে আমার স্কুলের পেছনে একটি প্লাস্টিকের বস্তা পায় টোকাই। তার ভিতরে দেখতে পায় এক শিশু এবং তার গলায় গামছা প্যাচানো।

“মৃত ভেবে সেখানে স্থানীয় লোকজন ভিড় জমায়। শিশুটি কোনও নড়াচড়া করছিল না। তখন আমি এগিয়ে গিয়ে শিশুটিকে কৃত্রিমভাবে মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টা করি। কয়েকবার করার পর শিশুটি নড়েচড়ে ওঠে। পরে তাকে দ্রুত স্থানীয় নারী ও শিশু হসপিটালে নিয়ে যাওয়া হয়।”

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

শিশুটির বাবা বলেন, “আমার কোনো শত্রু নাই। তবে সম্প্রতি এক প্রতিবেশীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ হয়েছিল। 

“আমার ধারণা, ওই প্রতিবেশী এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন।”