১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফকিরাপুলে পুলিশকে গুলি: ২ সহযোগীসহ বাপ্পী রিমান্ডে

ফকিরাপুলে পুলিশকে গুলি করার ঘটনায় শনিবার যশোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 10:04 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ঢাকার ফকিরাপুলে পুলিশকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার বাপ্পী ও তার দুই সহযোগীকে চার দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার বিকালে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- বাপ্পীর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান রিমান্ডের এ তথ্য দিয়েছে।

এদিন মতিঝিল থানায় করা মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির এসআই আমিনুল ইসলাম। 

এর আগে শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে যশোর থেকে দুই সহযোগীসহ বাপ্পী ওরফে মো আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হককে গ্রেপ্তার করে।

বাপ্পীর জিম্মা থেকে তিনটি পিস্তল ও গুলি উদ্ধার উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৮ জুন রাত ৯টা ১৫ মিনিটের দিকে ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে ডিবির একটি দল।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে ডিবির একটি দল ফকিরাপুলে পল্টনগামী একটি  প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ‘মাদক কারবারী’ আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। 

ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তুলে ধরে মামলার অভিযোগ বলা হয়, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক কারবারীদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।  এ ঘটনায় মতিঝিল  থানায় মামলা করে পুলিশ।