২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মশার লার্ভা: পেট্রোবাংলা, টিসিবি, বিটিএমসি, যমুনা অয়েলকে জরিমানা

মেয়র আতিকুল ইসলাম বলেন, “গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 01:17 PM

Updated : 10 Jul 2023, 02:20 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশকবিরোধী অভিযানে এইডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা, টিসিবি, বিটিএমসি এবং যমুনা অয়েলকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ানবাজারে এই অভিযান চালানো হয়।

অভিযান চলার সময় পেট্রোবাংলা ভবনের বেজেমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। সে কারণে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ।

পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল, তাতে পাওয়া যায় মশা লার্ভা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন- বিটিএমসি ভবনেও জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ওই তিন প্রতিষ্ঠানকেও ৫ লাখ টাকা করে জরিমানা করেন। 

অভিযানের এক ফাঁকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।”

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, “আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হল আমরা খতিয়ে দেখব। যারা পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল, তাদের অবহেলায় এটা হতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”