চালককে খুন করে বাইক ছিনতাই, ২০ হাজার টাকায় বিক্রি
“মোটরসাইকেলটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে নবু আর সেলিম দশ হাজার টাকা করে ভাগ করে নেয়। তারা দুজনই নেশাগ্রস্ত,” বলছেন তদন্ত কর্মকর্তা।
ছয় মাস আগে ঢাকার আশুলিয়ায় রাইড শেয়ারের এক বাইক চালকের হত্যা রহস্য উদঘাটন করার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন দুজন। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই তারা চালককে হত্যা করেন। পরে সেই বাইক বেচে দেন ২০ হাজার টাকায়।
গত বছরের ১৯ সেপ্টেম্বর আশুলিয়া থানার কবিরপুর পদ্মা ফিলিং স্টেশনের কাছে হত্যার শিকার হন রাজিব হোসেন নামের ৩৪ বছর বয়সী ওই বাইক রাইডার। পরে মামলা হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তদন্ত করতে গিয়ে পিবিআই জানতে পারে, ওই হত্যাকাণ্ডে দুজন জড়িত। তারা হলেন, নবা সাইদুর রহমান ওরফে নবু (৩২) ও সেলিম (২৯)।
মামলা তদন্তকারী পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, “ওই দুজন অন্য একটি ছিনতাই মামলায় কারাগারে ছিল। পরে তাদের ১৮ ফেব্রুয়ারি এ মামলায় অ্যারেস্ট দেখিয়ে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।”
তিনি বলেন, নিহত পাঠাও চালক রাজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামে তার বাড়ি।
গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজিব মোটর সাইকেল নিয়ে বের হলে নবু আর সেলিম তিনশ টাকায় তাকে ভাড়া করেন। তারপর আশুলিয়ার বাইপাইল থেকে তারা চন্দ্রার উদ্দেশ্যে রওয়ানা দেন।
“কবিরপুরে নির্জন স্থানে গিয়ে তারা রাজিবের পেটে চাকু মেরে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজিব,” বলেন পুলিশ কর্মকর্তা মোশারফ।
তিনি বলেন, “পুরাতন ওই মোটরসাইকেলটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে নবু আর সেলিম দশ হাজার টাকা করে ভাগ করে নেয়। তারা দুজনই নেশাগ্রস্ত।”
পিবিআই জানিয়েছে, নবুর বিরুদ্ধে একটি হত্যাসহ পাঁচটি ছিনতাই মামলা রয়েছে বিভিন্ন থানায়। আর সেলিমের বিরুদ্ধে পাঁচটি ছিনতাই মামলা রয়েছে। সেলিম ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন।
পরিদর্শক মোশারফ বলেন, প্রযুক্তি ব্যবহার করে ওই রাতে ওই এলাকায় নবু ও সেলিমের উপস্থিতির প্রমাণ তারা পেয়েছেন। মোটরসাইকেলটিও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
