উচ্চ মাধ্যমিকে পাসের হার কমে ৮৫.৯৫%
২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট।
কোভিড মহামারী আর বন্যায় বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।
দীর্ঘ অপেক্ষার পর দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।
এর আগে ২০২১ সালের এইচএসসি পরীক্ষাও মহামারীর কারণে বিলম্বিত হয়েছিল। সেবারও বিষয় কমিয়ে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়। তাতে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় এক লাখ ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।
এই হিসাবে ২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
২০২০ সালে মহামারীর কারণে পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়নে সবাই পাস করে, জিপিএ-৫ পায় এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
আর মহামারী শুরুর আগে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাস করে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পাঁচে পাঁচ জিপিএ পায়।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠান সরকারপ্রধানের হাতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ হাতে তুলে দেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউস চেপে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সারেন।
বেলা সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করা যাচ্ছে ফল।
২০২০ সালে দেশে মহামারীর প্রকোপে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারিতে তাদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। তাতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করে, জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
২০২১ সালের পরীক্ষা শুরুই হয় ডিসেম্বরে, যেখানে মহামারীর আগে স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হত নিয়মিতভাবে। বিশেষ পরিস্থিতিতে সেবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।
২০২২ সালের পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা থাকলেও বন্যার কারণে তা আবার পিছিয়ে শুরু হয় ৬ নভেম্বর থেকে । নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল এ পরীক্ষা দেওয়ার জন্য।
এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। সংক্ষিপ্ত সিলেবাসে দুই ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের জন্য ছিল ২০ মিনিট, সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট।
২০২২ সালে পরীক্ষা হয়েছে বাংলা, ইংরেজি ও গ্রুপভিত্তিক নৈর্বচনিক তিনটি বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়ে। পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেগুলোতে ৪৫ নম্বরের (রচনামূলক ৩০ ও নৈর্ব্যক্তিক ১৫ নম্বর) এবং ব্যবহারিক না থাকলে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০ ও নৈর্ব্যক্তিক ১৫) পরীক্ষা দিতে হয়েছে।
এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।
তাদের মধ্যে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পাস করেছে। সার্বিক পাসের হার ৮৫.৯৫%
নয় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৩১%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৪২৩ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৪১%, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন।
এক নজরে ফলাফল
| বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
|---|---|---|---|---|---|---|---|---|
| ২০২২ | ২০২১ | ২০২০ | ২০১৯ | |||||
| ঢাকা | ৮৭.৮৩ | ৬২,৪২১ | ৯৬.২ | ৫৯,২৩৩ | ১০০ | ৫৭,৯২৬ | ৭১.০৯ | ১৮,১৮৭ |
| রাজশাহী | ৮১.৬ | ২১,৮৫৫ | ৯৭.২৯ | ৩২,৮০০ | ১০০ | ২৬,৫৬৮ | ৭৬.৩৮ | ৬,৭২৯ |
| কুমিল্লা | ৯০.৭২ | ১৪,৯৯১ | ৯৭.৪৯ | ১৪,১৫৩ | ১০০ | ৯,৩৬৪ | ৭৭.৭৪ | ২,৩৭৫ |
| যশোর | ৮৩.৯৫ | ১৮,৭০৩ | ৯৮.১১ | ২০,৮৭৮ | ১০০ | ১২,৮৯২ | ৭৫.৬৫ | ৫,৩১২ |
| চট্টগ্রাম | ৮০.৫ | ১২,৬৭০ | ৮৯.৩৯ | ১৩,৭২০ | ১০০ | ১২,১৪৩ | ৬২.১৯ | ২,৮৬০ |
| বরিশাল | ৮৬.৯৫ | ৭,৩৮৬ | ৯৫.৭৬ | ৯,৯৭১ | ১০০ | ৫,৫৬৮ | ৭০.৬৫ | ১,২০১ |
| সিলেট | ৮১.৪ | ৪,৮৭১ | ৯৪.৮ | ৪,৭৩১ | ১০০ | ৪,২৪২ | ৬৭.০৫ | ১,০৯৪ |
| দিনাজপুর | ৭৯.০৮ | ১১,৮৩০ | ৯২.৪৩ | ১৫,৩৪৯ | ১০০ | ১৪,৮৭১ | ৭১.৭৮ | ৪,০৪৯ |
| ময়মনসিংহ | ৮০.৩২ | ৫,০২৮ | ৯৫.৭১ | ৭,৬৮৭ | ১০০ | ১০,০৪০ | ||
| মাদ্রাসা | ৯২.৫৬ | ৯,৪২৩ | ৯৫.৪৯ | ৪,৮৭২ | ১০০ | ৪,০৪৮ | ৮৬.৫৬ | ২,২৪৩ |
| কারিগরি | ৯৪.৪১ | ৭,১০৪ | ৯২.৮৫ | ৫,৭৭৫ | ১০০ | ৪,১৪৫ | ৮২.৬২ | ৩,২৩৬ |
| মোট | ৮৫.৯৫ | ১,৭৬,২৮২ | ৯৫.২৬ | ১,৮৯,১৬৯ | ১০০ | ১,৬১,৮০৭ | ৭৩.৯৩ | ৪৭,২৮৬ |
ফলাফল জানা যাবে যেভাবে
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, তিন পদ্ধতিতে প্রতিষ্ঠান-শিক্ষার্থী-অভিভাবকরা ফলাফল জানতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়া, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
পরীক্ষার ফল প্রকাশের পর এসএমসের মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: HSC Dha 123456 2022 Send to 16222)। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
আলিমের ফল পেতে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের মাধ্যমে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে।
