১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রশ্নফাঁস: পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অভিযোগ খতিয়ে দেখতে পিএসসির পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

এরা হলেন- পিএসসির দুই উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহকারী সাজেদুল ইসলাম।

মঙ্গলবার পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়। তাতে বলা হয়, গত ৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিতরণের সঙ্গে ‘জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তা করার’ অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হয়ে জেলে আছেন।

পিএসসির বরখাস্ত দুই উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক আলমগীর কবির

পিএসসির বরখাস্ত দুই উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক আলমগীর কবির

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পিএসসি। 

প্রায় এক যুগ থেকে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে একটি চক্র জড়িত বলে রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সেখান এই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।

এরপর গত কয়েক দিনে ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। পরে তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়।

অভিযোগ খতিয়ে দেখতে পিএসসির পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।