১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিসিএস পরীক্ষা তিনবার নয়, দেওয়া যাবে চারবার

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে নতুন করে আন্দোলনের মধ্যেই সরকার এ সিদ্ধান্ত নিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা আরো বাড়ানোর পক্ষে সায় না দিলেও বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া সীমা শিথিল করেছে অন্তরবর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, তিনবার নয়, একজন চাকরিপ্রার্থী সর্বোচ্চ চারবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের ‘সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ এর আলোকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪' বিধি সংশোধন করে একজন প্রার্থীর সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এক সপ্তাহ আগে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

তাতে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়। ওই বৈঠকেই চাকরিবিধি পরিবর্তন করে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ তিনবারের সীমা বেঁধে দেওয়া হয়। 

ওইদিন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে বিফ্রিংয়ে এসে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এ সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না। আন্দোলন তো হতেই পারে।… এটার কিছু ফিন্যান্সিসিয়াল ইমপ্লিকেশন্স আছে। সব কিছু, সকলের অংশগ্রহণ, ফিন্যান্সিসিয়াল ইমপ্লিকেশন্স-এগুলো স্থায়ী ফ্যাক্টর। এগুলো চিন্তা করে আমরা বলেছি-আমাদের ৩২ রাখাটাই সমীচীন হবে। তিনবার মানে তিনবারই।”

অধ্যাদেশ চূড়ান্ত হলে আইনি বিষয়গুলো চূড়ান্ত হবে বলে সেদিন জানিয়েছিলেন উপদেষ্টা। 

কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা তাতে সন্তুষ্ট না হয়ে আবারও রাস্তায় নামে। দুদিন আগে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ওই ঘটনার পর ‘আরও মার খেয়ে হলেও’ দাবি আদায়ের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

দাবি আদায়ে গঠন করা কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ সেদিন বলেন, “আজ আমরা মার খেয়েছি, দরকার হলে আবার খাব। তারপরে ও আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”

পুরনো খবর

আন্দোলনের হুঁশিয়ারি ৩৫ প্রত্যাশীদের, উপদেষ্টা বললেন 'সিদ্ধান্ত

আরও মার খেয়ে হলেও '৩৫' দাবি আদায়: সমাবেশে ঘোষণা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল ২ বছর