১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি প্রস্তুত: কমিশনার

“বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 05:03 PM

Updated : 26 Jan 2024, 05:02 PM

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘যথেষ্ট স্থিতিশীল’ ও অপরাধে নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, “ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে ‘টিম ডিএমপি’ প্রস্তুত রয়েছে।”

সোমবার ডিএমপি সদরদপ্তরে ২০২৩ সালের অগাস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ঢাকার পুলিশ প্রধান বলেন, “দেশের প্রচলিত আইন অনুসরণ করে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সমান গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”

গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি ও ছিনতাই মামলা, চোরাই গাড়ি উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ কমিশনার বলেন, “জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।”

বিট পুলিশিং নিয়েও কথা বলেন ডিএমপি প্রধান। বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।”

বিট পুলিশিংয়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলে পুলিশের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে মন্তব্য করে তিনি বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে, জনগণ তাদের সমস্যাগুলো খুব সহজে পুলিশকে জানাতে পারবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।”

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন খন্দকার গোলাম ফারুক।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)