১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

বুধবার জারি করা ওই আদেশ তিনটি সরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 07:44 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্র সংক্রান্তী ও বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে। 

“সে আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।”

বুধবার জারি করা ওই আদেশ তিনটি সরকারি মাদ্রাসার অধ্যক্ষ ও সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

গত ২৩ মার্চ সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়। 

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। 

ইতোমধ্যে সব স্কুল-কলেজে বাংলা নববর্ষ উদযাপন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সব প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে।