‘লাল’ সড়কে উচ্ছেদে নামল ঢাকা দক্ষিণ সিটি
গুলিস্তানের জিরো পয়েন্ট ও বায়তুল মোকারম এলাকায় সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত ‘লাল’ সড়কের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার এ কার্যক্রমের প্রথম দিনে ঢাকার গুলিস্তানের উপর স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদ করেছে দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত।
এদিন গুলিস্তানের জিরো পয়েন্ট (নূর হোসেন চত্বর) ও বায়তুল মোকারম এলাকায় হকার উচ্ছেদে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চলে। অভিযানকালে কয়েক শত হকারের দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসময় হকারদের এর প্রতিবাদে জড়ো হয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।
তবে উচ্ছেদের আগে সময় দেওয়া হয়েছে জানিয়ে অভিযান পরিচালনাকারী ঢাকা দক্ষিণের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, “গত তিন দিন এখানে টানা মাইকিং করা হয়েছে। আমরা এখানে কোনও হকার বসতে এবং কাউকে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করতে দেব না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
জিরো পয়েন্ট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত সড়ককে অতিগুরুত্বপূর্ণ লাল সড়ক হিসেবে চিহ্নিত করেছে দক্ষিণ সিটি।
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর ‘লাল’ চিহ্নিত অতিগুরুত্বপূর্ণ সড়কে আর হকার বসতে না দেওয়ার ঘোষণা দেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। এরপর রোববার অভিযানে নামল ডিএসসিসি। লালের পাশাপাশি হলুদ ও সবুজ সড়কও চিহ্নিত করা হবে।
এসময় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় ৯ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় করা হয়েছে বলে জানান সম্পত্তি কর্মকর্তা মুনিরুজ্জামান।
অভিযানের বিষয়ে তিনি বলেন, “পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরুর পর হতে মেয়র হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচলের পরিমাণ বেড়েছে। তাই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল ও সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে গুলিস্তান জিরো পয়েন্ট হতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স এবং বঙ্গভবন ও মেয়র হানিফ ফ্লাইওভারগামী ও ফ্লাইওভার হতে গুলিস্তান চত্ত্বর এলাকাকে 'রেড জোন' ঘোষণা করা হয়েছে।
“এই রেড জোন হতে সকল প্রকার হকার এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।“
এর আগে এদিন সকালে রাস্তা ও পায়ে হাঁটা পথগুলোকে লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করতে সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটি সিটি করপোরেশনের প্রণীত মহাপরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে রাস্তা ও হাঁটার পথ যানবাহন ও জন চলাচলের জন্য নির্বিঘ্ন রাখতে কর্ম পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করবে বলেও জানান ওই সম্পত্তি কর্মকর্তা।
