দুই হাত হারানো সাদীর ক্ষতিপূরণ প্রশ্নে শুনানি ৯ অগাস্ট
দেড় কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে গত জুনে হাই কোর্ট যে রুল দিয়েছিল, তার ওপর শুনানি শুরু হবে এখন।
ঢাকার ধামরাইয়ের বিলে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ঝুলন্ত তারে জড়িয়ে দুই হাত হারানো স্কুলছাত্র শেখ সাদীর জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিট মামলার রুল শুনানির জন্য ৯ অগাস্ট তারিখ রেখেছে হাই কোর্ট।
দেড় কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে গত জুনে হাই কোর্ট যে রুল দিয়েছিল, তার ওপর সেদিন শুনানি শুরু হবে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই দিন ঠিক করে দেন। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
ধামরাইয়ের বর্ণমালা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত সাদী। গত বছরের ১৫ জুলাই দুপুরে সে ধানসিঁড়ি আবাসিক এলাকার পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঝাঁপ দেওয়ার সময় পানির ওপর ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার দুই হাতে আগুন লাগে।
উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক সাদীর দুই হাত কেটে ফেলেন।
সাদীর বাবা মো. জসিম উদ্দিন ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। মা রাশেদা বেগম গৃহিণী। সাদীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে ভেঙে পড়েছে পরিবারটি।
আইনজীবী শিশির মনির জানান, সাদীর বাবা গত ২ মার্চ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। ফল না পেয়ে ২ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরাবর দেড় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিস পাঠান। তাতেও সাড়া না মেলায় গত ৪ জুন তিনি হাই কোর্টে রিট আবেদন করেন।
এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে গত ১২ জুন রুল দেয় হাই কোর্ট। সাদীকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয় সে সময়। এখন সেই রুলের ওপর চূড়ান্ত শুনানির তারিখ পড়ল।
